শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬ ◈ অতীত ভুলে পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : স্পিকার ◈ হামের উপসর্গে এক দিনে ৭ মৃত্যু ◈ শিশুদের সঙ্গে খেলাধুলা ও ভাগাভাগির বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেট্রোস্টেশনে দোকান বরাদ্দ পেতে যা করতে হবে

ঢাকা মেট্রোরেলের স্টেশনে দোকান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে আগ্রহী হলেই মিলবে না দোকান, এ জন্য পেরোতে হবে নির্দিষ্ট আবেদন ও প্রতিযোগিতামূলক দরপত্রের প্রক্রিয়া। আবেদনকারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি প্রস্তাব করতে হবে মাসিক ও বার্ষিক ভাড়ার দর। সব শর্ত পূরণ এবং প্রস্তাব মূল্যায়নের পর সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে দোকান বরাদ্দ দেওয়া হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মার্কেটিং শাখা গত ২২ নভেম্বর চারটি দোকান ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৩ নভেম্বর থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। জমা দিতে হবে ১৪ ডিসেম্বর।

কোন কোন স্টেশনে দোকান খালি

জানা গেছে, মেট্রোরেলের ১৬টি স্টেশনে দোকানের জন্য মোট ৩১টি রিটেইল স্পেস রয়েছে। এর মধ্যে ২৭টি ইতোমধ্যে ইজারা দেওয়া হয়েছে। বাকি চারটি দোকান ইজারা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমটিসিএল।

Advertisement

খালি থাকা দোকানগুলোর মধ্যে রয়েছে উত্তরা দক্ষিণ স্টেশনের বি গেটের রিটেইল শপ, যার আয়তন প্রায় ১ হাজার ৫৫৫ বর্গফুট। পল্লবী স্টেশনের সি গেটের দক্ষিণ পাশের দোকানটির আয়তন প্রায় ১ হাজার ১৮৬ বর্গফুট।

এ ছাড়া কাজীপাড়া স্টেশনের এ ও ডি গেটের উত্তর পাশের দোকানটির আয়তন প্রায় ১ হাজার ৬৫৫ বর্গফুট। মতিঝিল স্টেশনের এ গেটের দোকানটির আয়তন প্রায় ৩৩৮ বর্গফুট।

চাইলেই কি দোকান বরাদ্দ পাওয়া যাবে?

ডিএমটিসিএল দোকানগুলোর জন্য নির্দিষ্ট কোনো ভাড়া নির্ধারণ করেনি। উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ভাড়াগ্রহীতা নির্বাচন করা হবে। অর্থাৎ আবেদনকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত ফরমে মাসিক ও বার্ষিক ভাড়ার প্রস্তাব দিতে হবে। প্রস্তাবিত ভাড়ার ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করা যাবে না।

তবে শুধু সর্বোচ্চ ভাড়া প্রস্তাব করলেই দোকান পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীর জমা দেওয়া কাগজপত্র, নির্ধারিত শর্ত এবং ব্যবসায়িক পরিকল্পনাও মূল্যায়ন করা হবে। এসব বিবেচনায় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র লাগবে

দোকান ইজারা নিতে আগ্রহী প্রতিষ্ঠানকে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, আয়কর পরিশোধের হালনাগাদ প্রমাণপত্র এবং ভ্যাট নিবন্ধন সনদ।

এ ছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের পর ব্যাংক থেকে ইস্যু করা গত ছয় মাসের লেনদেনের বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট এবং আর্থিক সচ্ছলতার সনদ জমা দিতে হবে।

আবেদনকারী প্রতিষ্ঠানকে দোকানে কী ধরনের পণ্য বিক্রি বা সেবা দেওয়া হবে এবং এ জন্য কী ধরনের জনবল নিয়োগ করা হবে, তার বিস্তারিত ব্যবসায়িক পরিকল্পনাও জমা দিতে হবে।

আবেদন করতে কত টাকা লাগবে

প্রতিটি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। আবেদন গ্রহণ বা বাতিল—যেকোনো ক্ষেত্রেই এই টাকা ফেরতযোগ্য নয়।

এর পাশাপাশি প্রস্তাবিত বার্ষিক ভাড়ার ১৫ শতাংশ অর্থ প্রস্তাব জামানত হিসেবে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। চুক্তি স্বাক্ষরের পর এই জামানতের টাকা ফেরত দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের আবেদন গ্রহণযোগ্য হবে না, তারাও জামানতের টাকা ফেরত পাবে।

অন্যদিকে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে চুক্তি স্বাক্ষরের অন্তত সাত দিন আগে বার্ষিক চুক্তিমূল্যের ২০ শতাংশ নিরাপত্তা জামানত এবং এক বছরের অগ্রিম ভাড়া এককালীন পরিশোধ করতে হবে।

কোথায় ও কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবন থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ভবনটি এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬ এলাকায় অবস্থিত। ভবনের চতুর্থ তলার (লেভেল ৩) ৩২৬/এ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র পাওয়া যাবে।

আবেদনকারীদের সুবিধার্থে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলার সম্মেলনকক্ষে ব্রিফিং সভার আয়োজন করা হবে। একই সঙ্গে দোকানগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানের নিজস্ব লেটারহেড প্যাডে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের প্রতিটি পাতায় স্বাক্ষর ও সিল দিয়ে সিলগালা করা খামে আবেদন জমা দিতে হবে।

কবে আবেদন জমা ও খোলা হবে

আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে আবেদনপত্র জমা নেওয়া হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় আবেদনকারীদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।

সব আবেদনপত্র মূল্যায়নের পর চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে চিঠি অথবা ই-মেইলের মাধ্যমে চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানানো হবে।

যোগাযোগ

বিস্তারিত তথ্য ডিএমটিসিএলের ওয়েবসাইটে (www.dmtcl.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া মেট্রোরেল ভবনের ৩২৬/এ নম্বর কক্ষে সরাসরি যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ০১৮৪২২৫৩৬০৬ নম্বরে ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে।

সূত্র : বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ