শিরোনাম
◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৬ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্পিউটারের ডেটা সংরক্ষণে বিপ্লব: মাশরুম দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ‘মেমরিস্টর’

বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা ভবিষ্যতের কম্পিউটিং ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। অবাক করার মতো বিষয় হলো, এই প্রযুক্তির মূল উপাদান কোনো ধাতু নয়, বরং সাধারণ মাশরুম।

যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা সাধারণ মাশরুম ব্যবহার করে তৈরি করেছেন ‘মেমরিস্টর’। এটি এমন একটি ইলেকট্রনিক উপাদান, যা আগের বৈদ্যুতিক অবস্থা মনে রাখতে পারে এবং সাধারণত ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়।

এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী পিএলওএস ওয়ান-এ। গবেষকরা শিটাকে ও বাটন মাশরুম ব্যবহার করে দেখিয়েছেন, জৈব উপাদান দিয়েও কার্যকর ডেটা স্টোরেজ ব্যবস্থা তৈরি সম্ভব।

মাশরুম দিয়ে কম্পিউটার উপাদান তৈরির পেছনে মূল ভাবনা হলো পরিবেশবান্ধব ও শক্তি-সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন। গবেষকরা বলছেন, ভবিষ্যতের ‘অর্গানিক কম্পিউটার’ কম বিদ্যুৎ খরচে কাজ করতে পারবে।

Advertisement

গবেষণার প্রধান লেখক জন লারক্কো জানান, মাশরুমের ভেতরের অংশ বা মাইসেলিয়ামের বৈদ্যুতিক বৈশিষ্ট্য আলাদা আলাদা। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই তারা মেমরিস্টরের কার্যকারিতা পরীক্ষা করেছেন।

গবেষণার জন্য মাশরুমগুলো প্রথমে চাষ করা হয়, এরপর শুকিয়ে বিশেষ ইলেকট্রনিক সার্কিটের সঙ্গে সংযুক্ত করা হয়। ভোল্টেজ ও সংযোগ পরিবর্তন করে বিভিন্ন অংশের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়।

দুই মাসের পরীক্ষায় দেখা যায়, মাশরুম দিয়ে তৈরি মেমরিস্টর প্রতি সেকেন্ডে প্রায় ৫ হাজার ৮৫০ বার বৈদ্যুতিক অবস্থা পরিবর্তন করতে সক্ষম। এর সঠিকতার হার ছিল প্রায় ৯০ শতাংশ।

যদিও এই কার্যকারিতা ধাতব মেমরিস্টরের তুলনায় অনেক কম, তবে গবেষকরা বলছেন মানব মস্তিষ্কের মতো একাধিক উপাদান একসঙ্গে যুক্ত করলে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব।

গবেষকদের মতে, এই প্রযুক্তি বিশেষভাবে ‘নিউরোমরফিক কম্পিউটিং’-এর ক্ষেত্রে সম্ভাবনাময়। এটি এমন এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা, যা মানুষের মস্তিষ্কের কাজের ধরন অনুকরণ করে।

সহ-গবেষক কুদসিয়া তাহমিনা বলেন, পরিবেশ রক্ষার প্রয়োজনীয়তা এখন মানুষের কাছে আরও স্পষ্ট। তাই পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে ঝুঁকছে গবেষণা বিশ্ব।

গবেষকরা মনে করছেন, উৎপাদন প্রক্রিয়া আরও উন্নত করা গেলে এবং বড় আকারের মাশরুম ব্যবহার করা গেলে ভবিষ্যতে এই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হতে পারে।

বর্তমানে এই প্রযুক্তি বাণিজ্যিক কম্পিউটারে ব্যবহারের উপযোগী নয়। তবে টেকসই ও জৈব কম্পিউটিংয়ের পথে এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ