আজিজুল হক, বেনাপোল প্রতিনিধি: শেখ হাসিনাকে ফেরাতে ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় ভারতে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার উপস্থিতি ও বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ বেশ কয়েকজন পলাতক নেতা জড়ো হয়ে বৈঠক করেছেন বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে।
এদিকে একই সময় বাংলাদেশে আটক চিন্ময়কৃষনের মুক্তির দাবিতে ওপার সীমান্তে বিক্ষোভ হয়। বিক্ষোভে কঠোর পন্থীরা অংশ নেয়।
এদিকে শেখ হাসিনাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে ভারতে আওয়ামী লীগ নেতাদের বৈঠক হচ্ছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বেনাপোল সীমান্তজুড়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। সীমান্তের শূন্যরেখাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়। এ সময় প্রায় দুই শতাধিক বিজিবি সদস্য সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
অন্যদিকে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে নেতারা দ্রুত প্রাইভেটকার নিয়ে সেখান থেকে চলে যান। এ সময় সাংবাদিকেরা গাড়ির পিছু নিয়ে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিমের কাছে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির সহকারি পরিচালক মাজেদুর রহমান জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে। বেনাপোল সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে জন্য বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।