শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪৬ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইইউবিতে দেশের প্রথম ‘ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ’ চালু

বাংলাদেশে প্রথম ট্রান্সিয়েন্ট অ্যারে রেডিও টেলিস্কোপ (টার্ট) চালু করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি)। ১৮ নভেম্বর প্রথমবারের মতো মহাকাশ থেকে আসা রেডিও তরঙ্গ সফলভাবে শনাক্ত করার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে টেলিস্কোপটি। আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের (কাসা) উদ্যোগে তৈরি ‘স্টার্ট’ নামের টেলিস্কোপটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ছাদে স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইইউবি কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের আর্থিক সহায়তায় তৈরি টেলিস্কোপটির অ্যানটেনা এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ আনা হয়েছে নিউজিল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর জ্যেষ্ঠ প্রভাষক টিম মোল্টেনোর তত্ত্বাবধানে টেলিস্কোপটি অনলাইনে যুক্ত করা হয়েছে। ফলে টেলিস্কোপটির শনাক্ত করা সব তথ্য এই ওয়েবসাইটে দেখা যাবে।

সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের পরিচালক এবং আইইউবির ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের সহকারী অধ্যাপক খান মুহাম্মদ বিন আসাদ বলেন, ‘এই টেলিস্কোপ স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র নির্মাণের সূচনা হলো। টেলিস্কোপটি তৈরিতে আমাদের সময় লেগেছে ছয় মাসের বেশি। আমরা সাধারণত যে ধরনের টেলিস্কোপের সঙ্গে পরিচিত, সেগুলো থেকে স্টার্ট আলাদা। জেমস ওয়েব বা হাবল টেলিস্কোপ মূলত আয়না ব্যবহার করে আলো থেকে ছবি তৈরি করে। অন্যদিকে স্টার্ট একাধিক জিপিএস অ্যানটেনার মাধ্যমে অদৃশ্য রেডিও তরঙ্গ শনাক্ত করে। স্টার্ট নির্মাণের প্রধান বৈজ্ঞানিক উদ্দেশ্য পৃথিবীর আয়নোস্ফিয়ারে ইলেকট্রনের পরিমাণ পরিমাপ করা এবং মহাকাশ থেকে আমাদের বায়ুমণ্ডলের ওপর আছড়ে পড়া ইলেকট্রন ও অন্যান্য ফার্মিয়ন কণা শনাক্ত করা, যাদের সাধারণ নাম কসমিক রশ্মি। তবে স্টার্টের ছবি তোলার প্রক্রিয়া নিয়ে গবেষণায় আমাদের প্রধান মাধ্যম হবে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকা বিভিন্ন জিপিএস স্যাটেলাইট, যেগুলো ব্যবহার করে স্টার্টের বৈশিষ্ট্য অনেক নিখুঁতভাবে নির্ণয় করা যাবে।’

টেলিস্কোপটির ব্যাস, অর্থাৎ সবচেয়ে দূরবর্তী দুই অ্যানটেনার দূরত্ব প্রায় ১০ ফুট। টেলিস্কোপটি চালুর পদ্ধতি সম্পর্কে আইইউবিসহ দেশের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখাতে ৫ দিনের কর্মশালাও আয়োজন করেছিল সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস। ১৮ নভেম্বর কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইইউবির উপাচার্য ম. তামিম বলেন, ‘আমাদের স্টার্ট টেলিস্কোপের মাধ্যমে বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র নির্মাণের সূচনা হলো। এটি আইইউবির জন্য অত্যন্ত গর্বের। কাসার অন্যতম লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশে নতুন প্রজন্মের মহাকাশ বিজ্ঞানী ও প্রকৌশলী গড়ে তোলা।’

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ