স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক অস্থিরতার আঁচ এবার পাকিস্তানের ক্রিকেটে। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারির জেরে সরিয়ে নেওয়া হল প্রেসিডেন্ট ট্রফির একাধিক ম্যাচ। বাবর আজমের মতো তারকারা যে টুর্নামেন্টে খেলেছেন, সেই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি আর হবে না পেশোয়ার ও অ্যাবোটাবাদে। ১৪ অক্টোবর থেকে ম্যাচগুলি আয়োজন করা হবে শেখুপুরা ও লাহোরে। ফাইনালও হবে লাহোরে।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে লাল বলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফি গ্রেড ওয়ান। আটটি দলের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে অ্যাবোটাবাদ, ইসলামাবাদ, পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে। সেপ্টেম্বরের শুরু থেকে অক্টোবরের শেষ পর্যন্ত চলার কথা প্রতিযোগিতাটির। ইতিমধ্যে অর্ধেকের বেশি ম্যাচ হয়ে গিয়েছে। কয়েক দিন আগেই এই টুর্নামেন্টে খেলতে অ্যাবোটাবাদে গিয়েছিলেন বাবর।
কিন্তু রাজনৈতিক পরিস্থিতির জেরে বদলে গেল সূচি ও ভেন্যু। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ অক্টোবর থেকে পেশোয়ার ও অ্যাবোটাবাদের ম্যাচগুলি হবে শেখুপুরা ও লাহোরে। বাবরের দল ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে লাহোরে। পিছিয়ে দেওয়া হয়েছে টুর্নামেন্টের সপ্তম পর্বের ম্যাচও। -- আজকাল
খাইবার পাখতুনখোয়ায় এত দিন ক্ষমতায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরানের মুক্তির দাবিতে পথে নেমেছেন তাঁর দলের কর্মী-সমর্থকেরা। এই পরিস্থিতিতে প্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে পিটিআই সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় সরকার। সংবিধানের ২৩২ ও ২৩৪ ধারা প্রয়োগ করে সেখানে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিই পিসিবির প্রধান। তাঁর নেতৃত্বাধীন বোর্ডের এই সিদ্ধান্তে ফের স্পষ্ট, মাঠের বাইরের অস্থিরতা কী ভাবে প্রভাব ফেলছে ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার ভেন্যু বদলে যাওয়ায় প্রস্তুতি ও সূচি সামলানোর চ্যালেঞ্জে পড়তে হবে দলগুলিকে।