স্পোর্টস ডেস্ক : বিদেশে খেলতে গিয়ে লজ্জার মুখে পড়তে হল পাকিস্তানের হকি দলকে। ফেডারেশনের তরফ থেকে হোটেলের বিল না মেটানোয় হোটেলের বাসন মাজতে হল পাকিস্তানের জাতীয় হকি দলের খেলোয়াড়দের। অস্ট্রেলিয়া থেকে লাহোরে পৌঁছনোর পরেই ক্ষোভে ফেটে পড়েন হকি দলের অধিনায়ক শাকিল ইমাদ ভাট। ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
অস্ট্রেলিয়ার সফরে চারটি ম্যাচ হেরে বুধবার সকালে লাহোরে ফিরে পাকিস্তান হকি অধিনায়ক ইমাদ জাতীয় ফেডারেশনের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এই সফরে তাঁর দলকে কেবল থাকার ব্যবস্থার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে। শুধু তাই নয়, ম্যাচ খেলতে যাওয়ার আগে তাঁদের হোটেলের বাসনও ধুতে হয়েছে। বুধবার সকালে লাহোর বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইমাদ বলেন, “পাকিস্তান হকি ফেডারেশন মিথ্যা বলছে। যথেষ্ট হয়েছে। আমরা ফেডারেশনের বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে কাজ করতে পারি না। যখন খেলোয়াড়দের ম্যাচ খেলতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করতে হয় এবং থালা-বাসন ধুতে হয়, তখন আমাদের কাছ থেকে আপনি কী ফলাফল আশা করেন? --- আজকাল
পাকিস্তান এফআইএইচ হকি প্রো লিগের দ্বিতীয় পর্বের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণ করেছিল। কিন্তু সিডনিতেই খেলোয়াড়রা আটকে পড়েন। হোটেল বুকিং বাতিল হওয়ার পরে খেলোয়াড়দের লাগেজ নিয়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে বাধ্য হয়েছিল। পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) হোটেলের টাকা পরিশোধ না করার কারণে বুকিং বাতিল করা হয়েছিল বলে জানা গিয়েছে।
অবশেষে, দলটি স্থানীয় একটি স্থানে থাকার ব্যবস্থা খুঁজে পেলেও সেখানেও অব্যবস্থার শেষ নয়। ম্যাচের দিনগুলিতেও খেলোয়াড়দের বাসন মাজতে এবং কাপড় ধুতে বাধ্য করা হয়েছিল। আমাদ বলেন, “অস্ট্রেলিয়া সফরের কথা বলতে গেলে, আমি ফ্লাইট এবং হোটেলের ব্যবস্থা দিয়ে শুরু করব। সিডনিতে অবতরণের পর, আমাদের অপেরা স্ট্রিটের কাছে ১২ থেকে ১৫ ঘন্টা ধরে অসহায় মানুষের মতো ঘোরাফেরা করতে হয়েছিল। কেউ আমাদের দলের দায়িত্ব নেয়নি। আমাদের জন্য কোনও হোটেলের ব্যবস্থা করা হয়নি এবং আমাদের সময়মতো খাবার দেওয়া হয়নি।
তিনি বলেন, “ছেলেরা ঘুম থেকে উঠে নিজেদের প্রাতঃরাশ তৈরি করচ। তাঁরা দুই থেকে তিন ঘন্টা ধরে বাসন মাজত। শোওয়ার ঘর এবং বাথরুম নিজেরাই পরিষ্কার করত। বিশ্রামের জন্য উপযুক্ত সময় মেলেনি। খেলোয়াড়রা মানসিকভাবে বিপর্যস্ত। এই পরিস্থিতিতে আমরা কীভাবে পাকিস্তানের হয়ে পারফর্ম করতে পারি?”
ইমাদ বাট আরও বলেন, “প্রথমেই স্পষ্ট করে বলি, পাকিস্তানে যা খবর পৌঁছেছে তা সম্পূর্ণ সত্য। দলের পক্ষ থেকে যে ভিডিওগুলি পাঠানো হয়েছিল, সেসব সত্য। সেই ভিডিও ভারতে পৌঁছেছে বলে আমাদের টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল। তবে এটা আমাদের দেশের বিষয়। দেশের মানহানি করা উচিত নয়। তাই আমি একটি ভিডিও তৈরি করে বলেছিলাম যে, সবকিছু ঠিক আছে এবং দলের সঙ্গে কোনও অবিচার হচ্ছে না। কিন্তু বাস্তবে, তা সত্য না। যে খবর বা ভিডিও উঠে এসেছে, সব কিছু সত্য ছিল।
সূত্রের খবর, প্লেয়ার ও কর্তাদের জন্য ক্যানবেরায় ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। জানানো হয়েছিল, পাকিস্তান হকি সংস্থা সব টাকা শোধ করে দেবে। কিন্তু প্লেয়াররা জানতে পারেন, ওই হোটেলে তাঁদের জন্য কোনও ঘর বুক করাই নেই।
শেষমেশ প্লেয়ার ও কর্মকর্তাদের স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে অবশ্য হোটেলের ব্যবস্থা হয়। তবে তাতেও সমস্যা মেটেনি। হোটেলে তখন আর ঘর ছিল না। তাই অল্প সংখ্যক ঘরে সবাইকে থাকতে হয়েছিল। একটা ঘরে দুই-তিনজন প্লেয়ারকে থাকতে হয়। আর পরদিন সেখান থেকেই সোজা মাঠে যেতে হয়েছিল। সেটারই যেন ছাপ পড়েছে পাকিস্তানের খেলায়।
পাকিস্তান স্পোর্টস বোর্ড (পিএসবি)-র ডিরেক্টর নূর উস সাবাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই বিপর্যয়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, শরিফ পিএইচএফের পৃষ্ঠপোষকও।