মনিরুল ইসলাম: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের আয়োজিত মানববন্ধনে অংশ না নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে বসে থাকায় চিত্রনায়ক জয় চৌধুরীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। একই সময়ে সেখানে ডিএ তায়েবের জন্মদিন পালনের প্রস্তুতি নেওয়ায় এ নিয়ে অসন্তোষ আরও বাড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে জয় চৌধুরীকে ধমক দেওয়ার ঘটনাও ঘটে।
রোববার (১৫ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকে আয়োজিত মানববন্ধন শেষে এ ঘটনা ঘটে। এ সময় চিত্রনায়ক ও জাসাসের আহ্বায়ক হেলাল খান ক্ষোভ প্রকাশ করেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য মানববন্ধনে যোগ দেননি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনকে বসে থাকতে দেখেন হেলাল খান। এ সময় তাঁদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘তুই ফ্যাসিস্ট।’
হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
জানা যায়, ডিএ তায়েবের জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করতে কয়েকজন শিল্পী সমিতির কার্যালয়ে এসেছিলেন। তাঁদেরও মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তাঁরা সেখানে না গিয়ে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের দিকে যাওয়ার সময় হেলাল খান দেখতে পান, সমিতির সামনে ও ভেতরে জয় চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা ফুল ও কেক নিয়ে বসে আছেন। তাঁকে দেখে জয় চৌধুরী কথা বলতে এগিয়ে এলে মানববন্ধনে অনুপস্থিত থাকার কারণ জানতে চান হেলাল খান।
জবাবে জয় চৌধুরী বলেন, তাঁকে মানববন্ধনে অংশ নেওয়ার জন্য ডাকা হয়নি। তবে হেলাল খান দাবি করেন, তাঁকে জানানো হয়েছিল। এরপর জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নিয়ে বসে থাকায় জয় চৌধুরীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিনের মানববন্ধনে হেলাল খান ছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শিল্পী সমিতির সভাপতি সিবা শানু, সংগীতশিল্পী দিতি আনোয়ার, মৌসুমী চৌধুরী, পলাশসহ চলচ্চিত্র অঙ্গন ও জাসাসের অনেকে।
এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। চলচ্চিত্র অঙ্গনের এমন একটি প্রতিবাদ কর্মসূচিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের অনুপস্থিতির বিষয়টি উপস্থিত অনেকের নজরে আসে।