স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।
গত ২৪, ২৫ ও ২৬ নভেম্বর রাতে জেলার ১৮টি থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ৩২৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, ছিনতাইকারী, ডাকাত এবং চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযান সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধ করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে।
অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।