হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিদ্যুতের অপচয় রোধ ও অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুরে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। এতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করায় ৩০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আটটি টিম যৌথভাবে ১৪টি এলাকায় এই অভিযান চালায়।
সমিতি সূত্রে জানা যায়, অভিযানকালে আবাসিক মিটার নিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার, রাস্তার বাতির অবস্থা এবং গ্যারেজ ও অটো চার্জিং স্টেশনের মিটার পরীক্ষা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর আলোকসজ্জা ও দোকানপাট খোলা রাখার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করে টিমগুলো। এ সময় নির্ধারিত সময়ের পর খোলা রাখায় ৩০টি দোকান ও মার্কেট মালিককে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
এছাড়া আলফাডাঙ্গা উপজেলায় স্থানীয় বণিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধের বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। অন্যদিকে, সালথা সাব-জোনাল অফিস এলাকায় হুকিংয়ের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের তথ্য প্রমাণ পাওয়ায় একটি সংযোগ বিচ্ছিন্ন করে টিম।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকমল হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও বিদ্যুৎ অপচয় রোধে তাদের এই তদারকি ও সচেতনতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।