স্পোর্টস ডেস্ক : জীবন বড় মধুর। এসব কথা বোধহয় গল্প-কাহিনীতেই মানায়! সাফল্য অর্জন করতে যাঁদের জীবনের কঠিন লড়াই লড়তে হয়েছে, তাঁরা জানেন এ জীবন কতটা শক্ত। দীর্ঘ অধ্যাবসায়, কিছু করে দেখানোর খিদে এবং অক্লান্ত পরিশ্রম দিয়েই লক্ষ্য অর্জন করা যায়। চরম দারিদ্রতা, কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করে সাফল্য ছুঁয়েছেন, ভারতের বুকে এমন মানুষের উদাহরণ কম নেই। সেই তালিকায় রয়েছেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা সম্পদ, যশস্বী জয়সওয়ালও। একটা সময়, বড় মাপের ক্রিকেটার হওয়ার স্বপ্ন তাড়া করে বেড়াতো তাঁকে। তাই তো সংসার চালানোর পাশাপাশি ক্রিকেটার হওয়ার ইচ্ছে পূরণ করতে রাস্তায় রাস্তায় বিক্রি করতে হয়েছিল ফুচকাও। ---- ইন্ডিয়াহুড
ফুটপাত থেকে সোজা ভারতীয় দলের সদস্য
তখন বয়স মাত্র ১১। রক্ত গরম। উত্তরপ্রদেশের ভাদোহি থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন জয়সওয়াল। দেশের অন্যতম বড় শহরে আত্মীয় থাকার সুবাদে কোনও মতে থাকার জায়গা হয়ে গিয়েছিল তাঁর। তবে সেই সুখ বেশিদিন সয়নি! প্রথম প্রথম কিছুদিন আত্মীয়র বাড়িতে থাকলেও শেষে মুম্বইয়ের আজাদ ময়দানের একটি তাঁবুতে কোনও মতে মাথা গোজার ব্যবস্থা করেছিলেন ভারতীয় তারকা। থাকার জায়গা তো হল কিন্তু খাবেন কী?
অল্প বয়সে নিজের ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের খাওয়ার খরচ চালাতে মুম্বইয়ের রাস্তায় ফুচকা বিক্রি করার সিদ্ধান্ত নেন যশস্বী। জানা গিয়েছে, রামলীলার সময় মুম্বাইয়ের রাস্তায় রাস্তায় ফুচকা বিক্রি করার পাশাপাশি মাঝেমধ্যেই নিজের খরচ চালাতে ফলও বিক্রি করতেন তিনি। সেখান থেকে যা আয় হতো তার কিছু অংশ পরিবারের হাতেও নাকি তুলে দিতেন ভারতীয় ক্রিকেটার। এমন সময়ও গিয়েছে, সারাদিন খাওয়ার জোগাড় করতে না পেরে খালি পেটেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে জীবনের এতো কঠিন সংগ্রাম সত্ত্বেও নিজের স্বপ্নকে ভোলেননি যশস্বী।
পরিস্থিতি বদলাতে পথে নেমে পড়া যশস্বীর ভাগ্য ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে ঘরোয়া ক্রিকেট দিয়ে। প্রথমবারের মতো এই আসরেই নজর কেড়েছিলেন তিনি। ২০১৯ সালে মাত্র ১৭ বছর বয়সে দিলীপ ট্রফিতে সুযোগ পেতেই ডবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের এই তরুণ। এরপর সেখান থেকে সোজা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে নিজের জাত চেনানোয় সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল রাজস্থান রয়্যালসে। আর সেই দলের হয়ে ব্যাট হাতে কামাল দেখাতেই আসে বহু প্রতীক্ষিত মুহূর্ত।
২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেন যশস্বী। আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর থেকে ভারতীয় দলে নিজের জায়গা বুঝে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রমাণ করে দেখিয়েছেন, শত সমস্যা সত্ত্বেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা যায়। ডানা মেলে সফলতার শিখরে পৌঁছানো যায় দারিদ্রতাকে পিছনে ফেলে…