স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করতে গিয়ে ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর প্রশংসায় কিংবদন্তি ওয়াসিম আকরাম। তিনি প্রশংসা করেছেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলেরও।
একই সঙ্গে পাকিস্তান সুপার লিগের প্রতিভা তুলে আনার ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন আকরাম। তাঁর মতে, আইপিএল যেভাবে নতুন প্রতিভা তুলে আনছে, সেই জায়গায় এখনও অনেকটাই পিছিয়ে পাকিস্তান সুপার লিগ।
মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে পরপর দুটি মওশুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও অভিষেক হয়েছে তাঁর।
তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সবচেয়ে কমবয়সী ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন। পাকিস্তান সুপার লিগের প্রতিভা তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আকরাম বলেন, ‘পিএসএল শুরু হওয়ার পর ১০ বছর হয়ে গেল। কিন্তু পাকিস্তান সুপার লিগ কি আদৌ কোনও ব্যাটার তৈরি করতে পেরেছে? আমরা কয়েকজন বোলার তৈরি করেছি ঠিকই। কিন্তু উল্লেখযোগ্য কোনও ব্যাটিংয়ের প্রতিভা কি উঠে এসেছে? আমার মনে হয়, যখন বৈভব সূর্যবংশীর মতো একজন ব্যাটিং প্রতিভা তৈরি করা যাবে তখন পাকিস্তান ক্রিকেটের উন্নতি দেখা যাবে।
উল্লেখ্য, আইপিএলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন আকরাম। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর সময়ে কেকেআর দু’বার আইপিএল চ্যাম্পিয়নও হয়।
অন্যদিকে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের কোচিং এবং মেন্টরের দায়িত্বেও ছিলেন তিনি। পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য ক্লাব ক্রিকেটকে আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন আকরাম।
তাঁর মতে, লাল বলের ক্রিকেটে উন্নতি করতে হলে ক্লাব ক্রিকেটের পুরনো পরিকাঠামোকে ফের সক্রিয় করতে হবে। এই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে করাচি ও লাহোরে বিপুল অর্থ বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
আকরাম বলেন, লাল বলের ক্রিকেটে উন্নতি করতে হলে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত করাচি ও লাহোরে ১০ কোটি করে পাকিস্তানি রুপি খরচ করা। কারণ, প্রতিভা উঠে আসে ক্লাব ক্রিকেট থেকেই।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান। প্রথম দুই টেস্টে হেরে ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে বাবর আজমদের। বার্মিংহামের এজবাস্টনে সিরিজের শেষ টেস্টেও হারের মুখে দাঁড়িয়ে পাকিস্তান। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের আশঙ্কা তৈরি হয়েছে।