স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রোটিয়াদের বিপক্ষে লাল বলের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
স্কোয়াডে একাধিক চমকের উপহার দিয়েছেন নির্বাচকরা। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিয়েছেন নাইম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ফল পেলেন তারা। তবে চোটের কারণে দলে নেই সাদমান ইসলাম ও নাহিদ রানা। এছাড়াও সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান।
দক্ষিণ আফ্রিকা সিরিজে পেসারদের ওপরে ভরসা রেখেছেন নির্বাচকরা। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেনের সাথে আছেন খালেদ আহমেদ। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, মাহফিজুল ইসলাম।