স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিয়োনেল মেসি। বুধবার ভোরে দেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এ বার কি আর্জেন্টিনা অবসরে পাঠাবে ১০ নম্বর জার্সিকে? যাতে আর কেউ সেই জার্সি পরতে না পারেন। না, আর্জেন্টিনা চাইলেও তা পারবে না।
২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলে অভিষেকের পর ২০০৯ সালে প্রথম বার ১০ নম্বর জার্সি পান মেসি। তার পর থেকে ১৭ বছর ধরে সেই জার্সি পরেছেন। সেই জার্সি পরেই এক বার বিশ্বকাপ, এক বার ফাইনালিসিমা ও দু’বার কোপা আমেরিকা জিতেছেন। ---- আনন্দবাজার
২০২৫ সালে দিয়োগো জোটা মারা যাওয়ার পর তাঁর ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছেন লিভারপুল। জোহান ক্রুয়েফ, পাওলো মালদিনি, দিয়েগো মারাদোনাকেও তাঁদের ক্লাব সেই সম্মান দিয়েছে।
কিন্তু ফিফার স্পষ্ট নিয়ম, দলে যত জন ফুটবলার থাকবেন, তত নম্বর পর্যন্তই জার্সি থাকবে। অর্থাৎ, ২৬ জন ফুটবলার থাকলে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত জার্সি থাকবে। তার মানে প্রত্যেককে একটি জার্সি পরতে হবে। কোনও নম্বর বাদ দেওয়া যাবে না। সেই কারণেই মেসি অবসরের পরেও তাঁর ১০ নম্বর জার্সি পরে খেলবেন অন্য কোনও ফুটবলার।
আর্জেন্টিনা এই চেষ্টা আগেও করেছিল। ২০০২ বিশ্বকাপের আগে মারাদোনার পরা ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর জন্য ফিফার কাছে আবেদন করেছিল তারা। কিন্তু সে বারও একই যুক্তিতে সেই আবেদন খারিজ হয়েছিল। ২০০২ বিশ্বকাপে আরিয়েল ওর্তেগা সেই জার্সি পরেছিলেন। তার পর রিকেলমের গায়েও দেখা গিয়েছে ১০ নম্বর জার্সি। সেখান থেকে মেসি পেয়েছেন। এ বার অন্য কেউ পাবেন।
অবশ্য প্রীতিম্যাচে নিয়ম কিছুটা শিথিল। সেখানে চাইলে ১০ নম্বর জার্সি ছাড়াও মাঠে দল নামানো যায়। তা হলে এ বার মেসির জার্সি কে পরবেন? কোচ লিয়োনেল স্কালোনি জানিয়েছেন, প্রতিযোগিতা হবে। মেসির জার্সি পরতে হলে দেশের হয়ে মেসির মতোই দায়িত্ব নিয়ে খেলতে হবে ফুটবলারদের। এখনই কারও নাম করতে চাননি তিনি।