মনিরুল ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
ভিডিওটি প্রকাশকারীদের দাবি, এটি ভারতের কলকাতার তালতলা এলাকার এলিয়ট রোডে ধারণ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, একটি রাজনৈতিক বৈঠক শেষে গাড়িতে ওঠার সময় ওই ভিডিওটি ধারণ করা হয়। তবে ভিডিওটির স্থান, সময় ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই মামলায় তার স্ত্রী মেহেরুন্নেছা ও মেয়ে তাহসীন বাহার সূচনাকেও আসামি করা হয়েছে।
এ ছাড়া দুদকের আরেকটি মামলায় আদালত তাহসীন বাহার সূচনার একটি ফ্ল্যাট জব্দ এবং তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করার নির্দেশ দেন। দুদকের অভিযোগ, তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এদিকে, ভিডিও প্রকাশকারীদের আরও দাবি, ভারতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তির ওপর দেশটির একটি সংস্থা নজরদারি চালাচ্ছে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বাহার ও তার মেয়েকে ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, আ ক ম বাহাউদ্দিন বাহার, তাহসীন বাহার সূচনা কিংবা তাদের আইনজীবীদের পক্ষ থেকে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সর্বশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।