শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'?

এল আর বাদল : রাজনীতিকে নির্বাচনমুখী করার একটি 'কৌশল' থেকে বিএনপি এসপ্তাহে তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এর কিছুদিন আগেও সংস্কার, এর বাস্তবায়ন কীভাবে––এসব নীতিগত আলাপ জোরালো ছিল, এরপর তাতে অনেকটাই ভাটা পড়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সরকারের বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর একমত হওয়ারও কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না। যদিও দলগুলোর মতবিরোধ দূর করতে সরকারের দেওয়া সময়সীমাকে সুযোগ হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। ----- সূত্র, বি‌বি‌সি বাংলা

সংস্কারের সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়েই দলগুলোর মতবিরোধ দেখা যায়। সেই মতবিরোধ মেটাতে দলগুলোকেই সময় বেঁধে দেওয়ার বিষয়কে সরকারের 'কৌশল' বলে মনে করেন রাজনীতিকদেরই অনেকে।

তাদের কেউ কেউ সরকারের কৌশলকে 'সাপ লুডু' খেলার সঙ্গে তুলনা করছেন, আবার কেউ কেউ রাজনৈতিক দলগুলোর ওপর 'ব্যর্থতার দায়' চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবেও দেখছেন।

তবে দলীয় মনোনয়ন ঘোষণা করে বিএনপি তাদের রাজনৈতিক কৌশলে রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং দলগুলোকে নির্বাচনমুখী করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।

এমন পটভূমিতে প্রশ্ন উঠছে, রাজনীতি যখন নির্বাচনমুখী, তখন দলগুলো কি সংস্কার বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে নিজেরা আলোচনা করে সমাধানে আসতে পারবে?

আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মতপার্থক্য দূর করা যায়নি। এখন সাতদিনেই কি তা সম্ভব-এই প্রশ্নেও রয়েছে আলোচনা।

রাজনীতির দৃশ্যপটে বিএনপির 'কৌশল'

অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়সীমা নিয়ে বিএনপির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে সমালোচনা করেছেন। কিন্তু দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বিএনপি প্রতিক্রিয়া দেখিয়েছে ভিন্নভাবে।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেদিন রাজনৈতিক দলগুলোকে সংস্কারের সনদ বাস্তবায়নে সময় বেঁধে দেওয়া হয়, সেদিনই বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে।

এটিকেই দলটির 'রাজনৈতিক কৌশল' হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

প্রসঙ্গত, দীর্ঘ আট মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশন সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সনদ বাস্তবায়নের যে সুপারিশ দেয়, সেই সুপারিশে বিএনপিসহ বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত উল্লেখ করা হয়নি।

ওই সুপারিশ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃত্বের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। তাদের সমালোচনার মুখে পড়ে সরকার ও ঐকমত্য কমিশন।

যদিও জামায়াতসহ আরো কিছু দল কমিশনের সুপারিশের সমর্থনে অবস্থান নেয়, কিন্তু দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান রাজনীতিতে নতুন সংকট তৈরি করে।

আর এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা করা হয় গত তেসরা নভেম্বর। সেই বৈঠকে দলগুলোকে সময়সীমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

সেদিনই দুপুরে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান,জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক দলগুলো যাতে নিজেরা আলোচনা করে একমত হয়ে তাদের মতামত সরকারকে জানায়, সেজন্য সাত দিনের সময় দিচ্ছে সরকার।

জানানো হয়, দলগুলোর মতবিরোধ দূর করতে সরকার কোনো উদ্যোগ নেবে না। এছাড়া সাতদিনের মধ্যে দলগুলো একমত হয়ে কোনো নির্দেশনা দিতে না পারলে তখন সরকার সিদ্ধান্ত দেবে। সেদিন বিএনপিও তাদের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি সভা করে।

স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি বিকেলে সংবাদ সম্মেলন করে তাদের দলীয় মনোনয়নের তালিকা ঘোষণা করে। মূলত এরপর দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে বিএনপির প্রার্থী তালিকা ও নির্বাচনের প্রসঙ্গ।

তাদের কেউ কেউ সরকারের কৌশলকে 'সাপ লুডু' খেলার সঙ্গে তুলনা করছেন, আবার কেউ কেউ রাজনৈতিক দলগুলোর ওপর 'ব্যর্থতার দায়' চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবেও দেখছেন।

সরকারের সময়সীমায় বিএনপি কি সাড়া দেবে?

বিএনপি নেতৃত্ব এখন দলীয় প্রার্থী তালিকা নিয়ে প্রতিক্রিয়া সামলাতে ব্যস্ত। সরকার যে সময়সীমা দিয়ে দলগুলোকে সংস্কার বাস্তবায়নে একমত হতে বলেছে, সেটাকে দলটি এখন গুরুত্ব দিচ্ছে না, এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

বেশিরভাগ আসনেই দলটির প্রার্থী হতে আগ্রহী নেতার সংখ্যা একাধিক বা তার চেয়েও বেশি। ফলে দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর অনেক আসনে বাদ পড়াদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে।

বিএনপি তাদের ভোট যাত্রার শুরুতেই এ ধরনের প্রতিক্রিয়া, দলীয় কোন্দল থামানোর দিকে নজর দিয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেছেন, "আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। অন্য কিছুতে গুরুত্ব দিচ্ছি না"।

"এ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো আলোচনা করছি না। তারা (সরকার) যা করার করবে, সে ব্যাপারে আমাদের আগ্রহ নেই," বলছেন বিএনপি মহাসচিব।

সংস্কারের সনদ বাস্তবায়নে দলগুলোর মতপার্থক্য দূর করতে বড় দল হিসেবে বিএনপি অন্য দলগুলোকে নিয়ে আলোচনার কোনো উদ্যোগ নেবে না। অন্য কোনো দল আলোচনার উদ্যোগ নিলেও তা তেমন গুরুত্ব পাবে না বলে দলটির নেতাদের অনেকে মনে করছেন।

পরিস্থিতি আরো জটিল হতে পারে? 

সরকারের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যখন অন্য দলগুলোর সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ উদ্যোগ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, তখন জামায়াত অন্তর্বর্তী সরকারের দিক থেকে সময় দেওয়ার বিষয়কে ইতিবাচক হিসেবেই বর্ণনা করছে।

দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে বলেন, সরকার সময়সীমা দিয়ে সংস্কারের সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে দলগুলোর বিরোধ দূর করতে সুযোগ দিয়েছে। জামায়াত আলোচনার মাধ্যমেই সমাধানের অপেক্ষায় থাকবে বলে উল্লেখ করেন তিনি।

তবে নয়টি দল যে উদ্যোগ নিয়েছে, তা কতটা সফল হবে-এনিয়ে ওই দলগুলোরই নেতাদের কারও কারও সন্দেহ রয়েছে।

এদিকে, বৃহস্পতিবারই জামায়াতসহ আটটি দল জাতীয় নির্বাচনের আগে, এই নভেম্বরেই গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে এবং ১১ই নভেম্বরের আগে দাবি মানা না হলে "ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হবে" বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে।

সময়সীমার মধ্যে দলগুলো একমত না হলে সরকার সিদ্ধান্ত দেওয়ার কথা বলেছে। বড় দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলোতে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

বিশ্লেষকেরা মনে করেন, সরকারের সময় দেওয়ার বিষয়ে বিএনপি, এনসিপিসহ বিভিন্ন দলের মধ্যে সন্দেহ রয়েছে। দলগুলো মনে করছে, সংস্কার বাস্তবায়ন প্রশ্নে এই সংকটের দায় সরকারের।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বিবিসিকে বলেন, সরকার তাদের দায় দলগুলোর উপর চাপাচ্ছে- সেটি সংকট বাড়াচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ মনে করেন, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়