মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক নৈশভোজে অংশ নেওয়ার ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আজ শনিবার ৩ অক্টোবর পিএমও এই ছবি প্রকাশ করে এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর রাতে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
নিউইয়র্কের একটি বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত এই নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাদের স্ত্রীসহ অংশ নেন। ওই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রকাশিত ছবিটি মূলত হোয়াইট হাউস থেকে প্রকাশিত হওয়ার পর তা শেয়ার করে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে ট্রাম্পের সঙ্গে তারেক রহমান দম্পতির উপস্থিতি কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের একটি দৃশ্যমান প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গত ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ দেন। সফর শেষে তিনি ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।