চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর। এ সংক্রান্ত খসড়া চুক্তি বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভায় এর অনুমোদন দেয়া হয়। এর ফলে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে দীর্ঘদিনের ধোঁয়াশার অবসান হতে যাচ্ছে।
এনসিটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেয়ার পর থেকে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। এ বিষয়ে সরকার প্রক্রিয়া চালালেও শুরু থেকে এনসিটি বিদেশিদের হাতে দেয়ার বিরোধিতা করে আসছে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন। ধারাবাহিকভাবে আন্দোলনও করছেন তারা। এমন পরিস্থিতিতে অনুমোদন পেল খসড়া চুক্তি।