শিরোনাম
◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত ◈ প্রথমবার বাণিজ্যিকভাবে উর্বর ডিম রপ্তানি করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার ◈ শেখ হাসিনার ফেরা, ইউনূসের সফর ঘিরে গুজব; ফখরুদ্দীন-মোজাম্মেলকে ঘিরেও আলোচনা ◈ বায়ার্ন মিউনিখ‌কে হারিয়ে লিঁলের চমক 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেকারদের কর্মসংস্থানে ২৫ লাখের লক্ষ্য, জাপানি ও আরবি ভাষা শেখাবে সরকার

দেশে বেড়েই চলেছে শিক্ষিত বেকার, সেই তুলনায় বাড়ছে না কর্মসংস্থান। তাদের কাজের মধ্যে আনতে না পারলে আর্থিক অনটনের পাশাপাশি সামাজিক অবক্ষয় ঘটার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ২৫ লাখ বেকারকে কর্মে ফেরানোর লক্ষ্যে কাজ শুরু করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি। জেলার কয়েকটি গ্রামে বেকার জনগোষ্ঠীর জরিপ শুরু করেছে প্রতিষ্ঠানটি। জরিপ শেষে বেকারদের বড় অংশকে কর্মের সুযোগ করে দেয়ার লক্ষ্য তাদের।

চাকরিপ্রত্যাশি সায়েম বলেন, ‘চাকরির প্রত্যাশা করতে করতে আর মাত্র দুই মাস সময় আছে আমার হাতে। সরকারি চাকরির বয়স, দুই মাস পরে আমার আর সেই সুযোগটাও থাকবে না। এখনো আমি ওই টিউশনি করেই আসলে আমার জীবন জীবিকা নির্বাহ করছি।’

বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের সাহেব সায়েম অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করে বছর ছয়েক চাকরি খুঁজছেন। বাবাও বেসরকারি কলেজের অবসরপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারী। পাঁচজনের সংসারের ভার এখন সায়েমের কাঁধের ওপর। তাই সংসারের মানুষদের ভরণপোষণ চালিয়ে নেয়ার জন্য টিউশনি তার একমাত্র ভরসা।

শুধু সায়েমের জীবনে এমন অনিশ্চয়তা নেমে আসেনি। গ্রাম শহরে হাজারো বেকার শিক্ষিত যুবক এখন ঘুরছে চাকরির সন্ধানে। চাকরি খুঁজতে খুঁজতে এদের অনেকেই ক্লান্ত হয়ে অলস জীবন যাপন করছেন। অনেকে দিনমজুরের মতো পেশা বেছে নিয়েছেন। সেটার আয় দিয়ে খেয়ে না খেয়ে সংসার চালাচ্ছেন। চাকরিপ্রার্থীর অনেকের অভিযোগ গত ১৭ বছর বগুড়াকে সরকার বিমাতাসুলভভাবে দেখেছে।

Advertisement

চাকরিপ্রার্থীদের মধ্যে একজন বলেন, ‘আমাদের বগুড়াতে প্রচুর মেধাবী স্টুডেন্টরা আছে। তারা আমাদের মানে মেধাবীর যোগ্যতা দিয়েই চাকরিটা দিক আমরা এটাই চাই। যাতে মানে ইয়াং ছেলেপেলে আছে, তাদেরকে যদি স্বল্প সুদে যদি ঋণ দেয়, তারা উদ্যোক্তা হবে।’

দেশের সমাজের অর্ধেকই নারী। শিক্ষায় বেশ এগিয়ে থেকেও তাদের একটি অংশ লেখাপড়া শিখে বেকার অবস্থায় রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে সংসারে হাল ধরতে হচ্ছে। অনেকে নিজে উদ্যোক্তা হয়ে কিছু করতে চাইলেও প্রশিক্ষণ এবং অর্থ অভাবে সেটিতেও পিছিয়ে এ অঞ্চলে বেকার নারীরা।

নারীদের মধ্যে একজন বলেন, ‘ইন্টারমিডিয়েটের পর থেকেই চেষ্টা করতেছি ভালো একটা চাকরির জন্য। কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরার পরেও আমার ভালো কোনো চাকরি বা কোথাও কোনো কিছু হয় নাই।’ অন্য একজন বলেন, ‘সরকার থেকে যদি একটু ঋণ দিত, তাহলে উদ্যোক্তা হয়ে সংসারে ভালো আয় উন্নতি করতে চাই।’

শিল্প কলকারখানা পরিচালনায় দক্ষ শিক্ষাব্যবস্থা, বিদেশে মানবসম্পদ তৈরিতে একাডেমিকভাবে বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা তৈরিতে সরকারের নজর দেয়ার আহ্বান এই সমাজবিজ্ঞানীর।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. শহীদুল ইসলাম বলেন, ‘উচ্চশিক্ষা শিক্ষিত বেকারসহ অন্যান্য শিক্ষিত যারা রয়েছে, তাদের বেকারত্ব দূর করতে না পারলে মানুষ শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থেকে শুরু করে নানা রকম সমস্যা তৈরি হবে। যার প্রেক্ষিতে বেকারত্বের সমস্যা দ্রুত সমাধান করা অত্যন্ত জরুরি।’

এদিকে সরকার ২৫ লাখ বেকারদের কর্মে ফেরাতে কাজ শুরু করেছে। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি কয়েকটি গ্রামে বেকার জনগোষ্ঠীর জরিপ শুরু করেছে। সরকার শিগগিরই বেকার সমস্যার সমাধানে বাস্তবমুখী কাজ শুরু করবেন বলে জানান কর্মকর্তারা।

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ বলেন, ‘বেশিরভাগ যুবক-যুবতীরা উদ্যোক্তা হতে চাচ্ছে, কিছু চাকরি চাচ্ছে। তো এই জায়গা থেকে আমরা পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া একটি প্রকল্প সাবমিট করেছি বগুড়া অঞ্চলের ওপরে যে তাদেরকে কিভাবে উদ্যোক্তা করা যাবে, প্রশিক্ষণ দেয়া যাবে। পাশাপাশি যারা দেশের বাহিরে যেতে চায়, তাদের জন্য আমরা পল্লী উন্নয়ন একাডেমিতে জাপানি ভাষা শিক্ষা এবং মধ্যপ্রাচ্যের জন্য আরবি ভাষা শিক্ষা শুরু করেছি।’

বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নে একটি বেকারদের পরিসংখ্যান হয়েছে, যেখানে পরিসংখ্যান করেছেন পল্লী উন্নয়ন একাডেমি। সেখানে লক্ষ্য করা গেছে, এ ইউনিয়নে ৪০০ জনের মতন বেকার যুবক এবং যুবতী রয়েছে। এদের অনেকে উদ্যোক্তা হতে চান, আবার অনেকে চাকরি চান। তবে চাকরি উপযোগী তাদের প্রশিক্ষণ নেই এবং যারা উদ্যোক্তা হতে চান, তাদের কোন পুঁজি নাই। এ অবস্থায় তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

  • সর্বশেষ