মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নেব্রাস্কা অঙ্গরাজ্যের একটি অনুষ্ঠানে যে স্যুট পরে হাজির হয়েছিলেন, সেটি বিশ্ববাজারে পুরুষদের পোশাক সরবরাহে বাংলাদেশের ভূমিকাকে আলাদাভাবে সবার নজরে এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে টেক্সটাইল টাইমস এক পোস্টে জানিয়েছে, গত ৫ অক্টোবর নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে 'মেক আমেরিকা গ্রেট এগেইন' শীর্ষক সমাবেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড জস. এ. ব্যাংক-এর একটি নেভি ব্লু রঙয়ের স্যুট পরে উপস্থিত হয়েছিলেন।
সমাবেশে ট্রাম্প গায়ে থেকে স্যুট জ্যাকেটটি খুলে ফেলেন। বিষয়টি নিয়ে পরে প্রশ্ন ওঠে যে, যুক্তরাষ্ট্রে তৈরি স্যুটের বিকল্প থাকা সত্ত্বেও কেন ট্রাম্প আমদানি করা স্যুট পরেছেন।
ট্রাম্পের এই স্যুটটি কি বাংলাদেশে তৈরি?
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের স্যুটটি বাংলাদেশ অথবা চীনে তৈরি হয়ে থাকতে পারে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের স্যুটটি সম্ভবত চীন বা বাংলাদেশে তৈরি। অথচ যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একজন প্রেসিডেন্টের কাছ থেকে এমন বার্তা হয়তো সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে ট্রাম্পের পরা স্যুটটি বাংলাদেশেই তৈরি বলে জানিয়েছেন ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অবস্থিত।
শরীফ জহির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, একজন ধনকুবের প্রেসিডেন্ট যখন গর্বের সঙ্গে বাংলাদেশে তৈরি সাশ্রয়ী দামের স্যুট পরেন, তখন তা আমাদের কারিগরি দক্ষতা ও সাশ্রয়ী উৎপাদন সক্ষমতার অনেক কিছুই তুলে ধরে।
তিনি আরও বলেন, "এটি আমাদের দক্ষ কর্মীদের জন্য গর্বের মুহূর্ত। একই সঙ্গে এটি আমাদের গড়ে তোলা বিশ্বমানের পোশাকশিল্পের সাফল্যেরও প্রতিফলন।"
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড পুরুষদের স্যুট, জ্যাকেট, ওভারকোট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুতকারী পূর্ণাঙ্গ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির দাবি, পাঁচ লাখ বর্গফুট আয়তনের কারখানাটি বিশ্বের এ ধরনের বৃহত্তম ও অত্যাধুনিক উৎপাদনকেন্দ্রগুলোর অন্যতম।
ওয়েবসাইটে বলা হয়েছে, কারখানাটিতে স্বয়ংক্রিয় কাটিং ব্যবস্থা, বিশেষায়িত সেলাই ও প্রেসিং মেশিন রয়েছে। পাশাপাশি উৎপাদন ও সংরক্ষণ এলাকার সর্বত্র পণ্য পরিবহনে কনভেয়ারভিত্তিক ব্যবস্থাও ব্যবহার করা হয়।
আরও বলা হয়েছে, পোশাক তৈরির শিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ও বৈচিত্র্যময় একটি দলের নেতৃত্বে প্রতিষ্ঠানটি উদ্ভাবনী নকশা, উন্নতমানের উপকরণ এবং সর্বোচ্চ উৎপাদনমানের সমন্বয়ে গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য তৈরি করে। সূত্র: টিবিএস