মনিরুল ইসলাম : ঢালিউডের দুই আলোচিত অভিনেত্রী পরীমণি ও অপু বিশ্বাসকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের একটি মন্তব্যের জবাবে পরীমণির দেওয়া কড়া ভাষার প্রতিক্রিয়া নিয়ে সরব হয়েছেন নেটিজেনরা।
পরীমণিকে মন্তব্য করতে দেখা যায় অপু বিশ্বাসকে উদ্দেশ করে । লিখেছেন, ‘বোন তোমার আশেপাশের যেগুলো তো আমার নিয়াই প্রশ্ন করে, আর তুমি আমারে নিয়াই ফুটেজ দাও। আবার বলে তোমারে বেচতে চায়। এ আবার কেমন খেলা! চলো বেইচা দেই তোমারে কাওরান বাজারে। কত চামু বলো?’
পরীমণির এই বক্তব্যের ভাষা ও ভঙ্গিতে স্পষ্টতই ক্ষোভ ও ব্যঙ্গের প্রকাশ রয়েছে। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর দুই অভিনেত্রীকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই অভিনেত্রীর মধ্যে এই বিরোধের সূত্রপাত।
সম্প্রতি এক বক্তব্যে অপু বিশ্বাস বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না। এ বক্তব্যের পর পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন।
এরপর গত ১৫ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস পরীমণির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, পরীমণির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং পাঁচটি নির্মাণাধীন। একই সঙ্গে নিজের পর্যায়ে আসার পর তাঁকে নিয়ে পোস্ট দেওয়ার কথাও বলেন অপু।
অপুর ‘আমাকে বেচতে চায়’ মন্তব্যের প্রসঙ্গ টেনেই এবার পরীমণি কাওরান বাজারে বিক্রি করে দেওয়ার ব্যঙ্গাত্মক কথা বলেছেন বলে প্রকাশিত গ্রাফিক কার্ডে দেখা যাচ্ছে।
দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। একসময় তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে সেই সম্পর্কের জায়গায় প্রকাশ্য কটাক্ষ ও বাগ্যুদ্ধই বেশি আলোচনায় আসছে।