শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দিরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই নজিরবিহীন উদ্যোগের আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা নিবন্ধিত বন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক।

কারা অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই বিশেষ ভোটগ্রহণ কার্যক্রমে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ হাজার ৯৯০ জন নিবন্ধিত বন্দির মধ্যে ৪ হাজার ৬৭ জন ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এই ভোটগ্রহণের শেষ দিন। এদিন নিবন্ধিত বাকি ১ হাজার ৯২৩ জন বন্দিও ভোট দেওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোট না দিলে তাদের ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে।

Advertisement

এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা প্রায় অর্ধশত ভিআইপি বন্দি, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাইপ্রোফাইল বন্দির মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক।

নিবন্ধিত ভিআইপি বন্দিদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং পাঁচজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোট কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ঢাকা বিভাগকে দুটি সাংগঠনিক অংশে ভাগ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ-১-এর আওতায় ১ হাজার ৪৭৬ জন এবং ঢাকা বিভাগ-২-এর আওতায় ১ হাজার ১৮৩ জন বন্দি নিবন্ধিত হয়েছেন।

ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ জানান, প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটে তিনটি খাম দেওয়া হচ্ছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য ‘হ্যাঁ’ ও ‘না’ অপশনসহ পৃথক ব্যালট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। বন্দিরা ভোট প্রদান শেষে খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে ডাক বিভাগের এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে সেগুলো নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করবে।

  • সর্বশেষ