শিরোনাম
◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ কোটি টাকায় ল্যাব নির্মাণ, জনবল সংকটে চালু হয়নি: ভাইরাসে ঝুঁকিতে সাতক্ষীরার চিংড়ি চাষ, বিপাকে চাষিরা

চিংড়ির রেণুতে রোগজীবাণু ও ভাইরাস শনাক্ত করতে সাতক্ষীরায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে দুটি অত্যাধুনিক পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবল ও ল্যাব টেকনিশিয়ানের অভাবে দীর্ঘদিনেও চালু হয়নি ল্যাব দুটি। ফলে ঘেরে ছাড়ার আগে রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার সুযোগ পাচ্ছেন না চিংড়িচাষিরা। বাধ্য হয়ে বাজার থেকে অনুমানের ভিত্তিতে রেণু কিনে ঘেরে ছাড়ছেন তাঁরা। এতে ভাইরাস ও রোগাক্রান্ত পোনার সংক্রমণে একের পর এক ঘেরে দেখা দিচ্ছে মড়ক। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। ধারাবাহিক লোকসানে পুঁজি হারিয়ে সংকটে পড়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়িচাষিরা। সূত্র: বিডি-প্রতিদিন

সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ নভেম্বর জেলার এল্লারচরে অবস্থিত চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। ঘেরে ছাড়ার আগে চিংড়ির রেণুর রোগজীবাণু ও গুণগত মান বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। কিন্তু প্রশাসনিক জটিলতা ও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় স্থাপনের পর থেকেই অব্যবহৃত পড়ে আছে ল্যাব দুটি। প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকা সংবেদনশীল বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণও নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।

সাতক্ষীরা বাগদা চিংড়ি চাষের অন্যতম প্রধান কেন্দ্র। জেলায় বর্তমানে প্রায় ৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে বাগদা চিংড়ি চাষ হচ্ছে। প্রতি মৌসুমে এসব ঘেরে ছাড়া হয় ৩০০ কোটির বেশি রেণু। অথচ পরীক্ষাগার চালু না থাকায় চাষিরা বৈজ্ঞানিক পরীক্ষার সুযোগ ছাড়াই বাজার থেকে পোনা সংগ্রহ করছেন। এতে ভাইরাসবাহী ও দুর্বল পোনা ঘেরে ছড়িয়ে পড়ছে। কিছুদিন পরই চিংড়িতে রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, অনেক ক্ষেত্রে পুরো ঘেরের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এভাবে বারবার লোকসানের মুখে পড়ে অনেক চাষি পুঁজি হারিয়েছেন। কেউ কেউ ভিটেমাটি বিক্রির উপক্রম হয়েছেন। চিংড়ি চাষে টিকে থাকতে না পেরে অনেকে এ পেশা ছেড়ে সাধারণ সাদা মাছ চাষ কিংবা ধান উৎপাদনের দিকে ঝুঁকছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সঙ্গে রোগ ও ভাইরাসের সংক্রমণ যুক্ত হওয়ায় উপকূলীয় এলাকার অর্থনীতিও হুমকির মুখে পড়েছে।

Advertisement

সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, ১৯৮৩ সালে সাতক্ষীরার এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় মৎস্য অর্থনীতিতে এ খামারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ২১ নভেম্বর এখানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় ল্যাব দুটি চালু করা সম্ভব হয়নি। অধিকাংশ আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ প্যাকেটবন্দি অবস্থায় পড়ে থাকায় তাঁরা উদ্বিগ্ন।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, চিংড়ি পোনার রোগজীবাণু ও গুণগত মান বৈজ্ঞানিকভাবে পরীক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এল্লারচরে বিশ্বমানের ল্যাব স্থাপন করা হয়েছে। কিন্তু ল্যাব টেকনিশিয়ান, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, কম্পিউটার অপারেটর ও সহায়ক কর্মচারীসহ প্রয়োজনীয় কোনো জনবলই এখনো নিয়োগ দেওয়া হয়নি। জনবল চেয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। লোকবল না থাকায় আধুনিক যন্ত্রপাতিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা বলেন, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়িশিল্পকে টিকিয়ে রাখতে রেণুর ভাইরাস পরীক্ষা নিশ্চিত করার বিকল্প নেই। দ্রুত ল্যাব দুটি চালু করা না হলে চাষিরা আরও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ ও পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত ল্যাব দুটি চালু করা গেলে ঘেরে ছাড়ার আগেই রোগাক্রান্ত ও ভাইরাসবাহী রেণু শনাক্ত করা সম্ভব হবে। এতে চাষিদের উৎপাদনঝুঁকি কমার পাশাপাশি উপকূলীয় অঞ্চলের চিংড়িশিল্প ও রপ্তানি সম্ভাবনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ পরীক্ষাগার।

  • সর্বশেষ