শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের আগমনী বার্তায় সরগরম নবীনগরের লেপ-তোষকের দোকান

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : হেমন্তের বিদায়বেলায় প্রকৃতিতে শীতের পরশ। ভোরের শিশির আর শেষ রাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গ্রামবাংলার ঘরে ঘরে শুরু হয়েছে শীত মোকাবিলার প্রস্তুতি। কেউ পুরোনো লেপ-তোষক ঝেড়েমুছে ব্যবহারের উপযোগী করছেন, কেউ আবার তৈরি করছেন নতুন লেপ। আর শীতের এই আগাম প্রস্তুতিতে কর্মচাঞ্চল্য ফিরেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে। ক্রেতাদের বাড়তি চাহিদা সামাল দিতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা।

নবীনগর পৌর শহরের বিভিন্ন এলাকার লেপ-তোষক তৈরির দোকান ঘুরে দেখা গেছে, শীত পুরোপুরি জেঁকে বসার আগেই অনেকে নতুন লেপ-তোষক তৈরির অর্ডার দিচ্ছেন। কেউ পুরোনো লেপের তুলা পরিবর্তন করে নতুনভাবে তৈরি করাচ্ছেন। আবার কেউ পরিবারের সদস্যদের জন্য নিচ্ছেন নতুন লেপ ও তোষক। ক্রেতাদের চাহিদা পূরণে দোকানগুলোতে বেড়েছে কাজের চাপ। কোথাও অতিরিক্ত কারিগর নিয়োগ করেও সামাল দিতে হচ্ছে অর্ডার।

নবীনগর কলেজপাড়ার জনতা বেডিং স্টোরের মালিক ওসমান মিয়া বলেন, এত দিন দোকানে কাজের চাপ তেমন ছিল না। নবজাতক শিশুর বালিশ, কোলবালিশ ও সোফা সেটের নারকেলের ছোবড়া বিক্রি করে কোনোমতে দোকানের খরচ চালাতে হয়েছে। তবে আবহাওয়ায় শীতের আমেজ শুরু হওয়ার পর থেকে লেপ-তোষক তৈরির অর্ডার বাড়তে শুরু করেছে। তিনি বলেন, ‘আজ দোকানে এসে পাঁচটি লেপ ও দুটি তোষক তৈরির অর্ডার পেয়েছি। আশা করছি, সামনে কাজ আরও বাড়বে।’

লেপ-তোষক তৈরির খরচও বেড়েছে আগের বছরের তুলনায়। একই এলাকার জনপ্রিয় বেডিং স্টোরের ব্যবসায়ী বাবু মিয়া জানান, বর্তমানে একটি ডাবল লেপ তৈরি করতে খরচ হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা। সিঙ্গেল লেপ তৈরিতে লাগছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। সিঙ্গেল তোষক তৈরি করতে খরচ পড়ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা এবং ডাবল তোষক প্রায় ১ হাজার ৮৫০ টাকা। প্রতিটি লেপ বা তোষক সেলাইয়ের জন্য কারিগরেরা মজুরি পান ১৫০ টাকা। তাঁর আশা, পৌষ মাসে শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের চাপও কয়েক গুণ বেড়ে যাবে।

Advertisement

ব্যবসায়ীরা জানান, নতুন লেপ-তোষক তৈরির পাশাপাশি পুরোনো লেপ খুলে নতুন করে তৈরির চাহিদাও বাড়ছে। তুলা নির্বাচনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আগে শিমুল তুলার লেপের চাহিদা বেশি থাকলেও এখন অনেক ক্রেতা গার্মেন্টসের ঝুট থেকে তৈরি তুলার লেপ কিনছেন। তুলনামূলক কম খরচে তৈরি করা যায় বলে এ ধরনের লেপের প্রতি আগ্রহ বাড়ছে।

লেপ তৈরির কারিগর হাবিবুর রহমান ও জালাল উদ্দিন জানান, একটি লেপ তৈরিতে সর্বোচ্চ দুই ঘণ্টা সময় লাগে। একজন দক্ষ কারিগর দিনে গড়ে ছয় থেকে সাতটি লেপ তৈরি করতে পারেন। তোষক তৈরিতেও প্রায় একই সময় প্রয়োজন হয়। তুলা ধুনা, মাপ অনুযায়ী কাপড় কাটা, সেলাই এবং তুলা ভরার কাজ একই দোকানে সম্পন্ন করা হয়। এতে ক্রেতাদের সময় ও ভোগান্তি দুটোই কমে।

কারিগরদের ভাষ্য, শীতের শুরুতে কাজের চাপ বাড়তে শুরু করলেও পৌষ মাসে তা সবচেয়ে বেশি হয়। তখন অনেক সময় রাত পর্যন্ত কাজ করতে হয়। তাই শীতের তীব্রতা বাড়ার আগেই ক্রেতাদের অর্ডার বুঝিয়ে দিতে এখন থেকেই বাড়তি ব্যস্ততা তাঁদের।

নবীনগরের লেপ-তোষকের দোকানগুলোতে বাড়তে থাকা এই কর্মচাঞ্চল্য যেন শীতেরই আগাম বার্তা দিচ্ছে। প্রকৃতিতে শীতের আমেজ যত বাড়ছে, ততই ব্যস্ত হয়ে উঠছে তুলা, কাপড় আর সুঁই-সুতার সঙ্গে জীবিকা জড়িয়ে থাকা কারিগরদের জীবন। শীতের উষ্ণতা নিশ্চিত করতে তাঁদের নিরলস শ্রমেই তৈরি হচ্ছে মানুষের ঘুমের আরামের সঙ্গী লেপ-তোষক।

  • সর্বশেষ