রয়টার্সের প্রতিবেদন: বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তিন সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসব দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগের তদন্ত চলছে। তদন্তের ফলের পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
এই তদন্তের আওতায় থাকা বাণিজ্যিক অংশীদারদের মধ্যে রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
রয়টার্সকে সূত্ররা জানান, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। এসব শুল্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট যেসব শুল্ক বাতিল করেছিলেন, সেগুলোর কিছু অংশের বিকল্প হিসেবেও নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম আংশিকভাবে বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করবেন।
দেশভেদে শুল্কের হার
কোন পণ্যে কত হারে শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক আরোপের সম্ভাবনা কম।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ বড় বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে তদন্ত করছে ইউএসটিআর। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার প্রমাণ পাওয়ার দাবি করে এ তদন্ত শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য অনুযায়ী, অংশীদার দেশগুলোর সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে শুল্কের যে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে, হোয়াইট হাউস তা মেনে চলবে বলে আশা করা হচ্ছে। এসব চুক্তিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কের সীমা নির্ধারণ করা হয়েছে।
চীনের পণ্যের ক্ষেত্রে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের ২০ শতাংশ সর্বোচ্চ সীমাও যুক্তরাষ্ট্র মেনে চলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ জন্য ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে হবে। চুক্তির মেয়াদ না বাড়লে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার জন্য শুল্কের হার আরও বাড়বে।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও হোয়াইট হাউস।
মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাস মনে করেন, এ বিষয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হতে পারে। এতে ১৬টি বাণিজ্যিক অংশীদারের জন্য পৃথক শুল্ক আরোপের সুপারিশ থাকতে পারে।
আইন ও পরামর্শক প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্পালডিংয়ের অংশীদার মাজেরাস বলেন, যেসব দেশের বিভিন্ন খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে বলে মনে করা হচ্ছে, সেসব দেশ থেকে আমদানি করা পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত উচ্চ শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে প্রশাসন। এসব শুল্কের সঙ্গে আলাদাভাবে পরিচালিত আরেকটি তদন্তের আওতায় আগে আরোপ করা ১০ বা সাড়ে ১২ শতাংশ শুল্কও যুক্ত হবে। ওই তদন্তের বিষয় ছিল জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর না করা।
তবে মাজেরাস বলেন, প্রশাসন তুলনামূলক কম হারে শুল্ক আরোপের প্রস্তাবও দিতে পারে। সে ক্ষেত্রে শুল্কের হার ধাপে ধাপে বাড়ানোর শর্ত যুক্ত করা হতে পারে। দেশগুলো অতিরিক্ত উৎপাদন সক্ষমতা কমাতে পদক্ষেপ না নিলে সময়ের সঙ্গে শুল্কের হার বাড়বে।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।
গত মার্চে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে ইউএসটিআর। একই সময়ে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত আইন যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে পৃথক তদন্তও শুরু হয়। এই দুই তদন্তের আওতায় আরোপিত শুল্কের মাধ্যমে ট্রাম্পের ঘোষিত বৈশ্বিক ‘লিবারেশন ডে’ শুল্কব্যবস্থা পুনর্গঠন করতে চায় প্রশাসন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত ফেব্রুয়ারিতে ওই শুল্কব্যবস্থা বাতিল করেছিলেন।
ট্রাম্প প্রশাসন অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চীনকে চিহ্নিত করেছে। তাদের অভিযোগ, চীন বিশ্ববাজারে বিপুল পরিমাণ ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি, সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য সরবরাহ করছে। তবে চীন এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, প্রতিযোগিতামূলক সুবিধার কারণেই তাদের রপ্তানি বাড়ছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনের বিনিয়োগও এই তদন্তের অন্যতম লক্ষ্য। এসব দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি এবং আগের আরোপ করা শুল্ক এড়াতে চীন এসব দেশে পণ্য উৎপাদন করছে বলে অভিযোগ রয়েছে।
১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি চুক্তির আওতায় ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমিত রেখেছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও কার্যকর রয়েছে।
চীনের সব আমদানি পণ্যের ওপর ইতিমধ্যে জোরপূর্বক শ্রম ব্যবহারসংক্রান্ত অভিযোগে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে ২০ শতাংশের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে শুল্কের হার আর সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সুযোগ রয়েছে।
এ দিকে যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশ থেকেই একে অপরের বাজারে ৩০ বিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা) মূল্যের অ-কৌশলগত পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়েও কাজ করছে।