মনিরুল ইসলাম: পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব কর্মকর্তাকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। রাজনৈতিক পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার পর দলটি রাজনৈতিক দল হিসেবে তাদের স্বীকৃতি হারিয়েছে। নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সে সিদ্ধান্ত আদালতের।
জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী, গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগও পারবে না।
পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরতে হবে। একমাত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই তাঁর প্রত্যর্পণ সম্ভব।
তিনি জানান, সরকার ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কত দিন পার হবে। কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশালমিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশনা দিচ্ছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক নেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই সেখানে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।
সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা করা হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। এটি নিয়মিত কার্যক্রম। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।