হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ওই গ্রামের ফিরোজ তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর থেকেই তালহা রাব্বী আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে সালথা থানায় একাধিক নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি পলাতক জীবনযাপন করছিলেন। তবে সম্প্রতি তিনি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি বিশেষ দল সোমবার রাতে রামকান্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিজ এলাকা থেকেই তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গ্রেপ্তার তালহা রাব্বী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সালথা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার আসামিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।