মিজান লিটন : চাঁদপুরে অস্ত্র ও গুলিসহ চাচা ও ভাতিজাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত হোসেন ওরফে সানি (২১) এবং তার চাচা জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কালাম গাজীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শহরে টহল দিচ্ছিল। এ সময় শহরের কোরালিয়া এলাকা একটি চেকপোস্ট বসিয়ে আরাফাত হোসেন সানিকে আটক করা হয়।
পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একটি অস্ত্রের ছবি ও তথ্য পায় পুলিশ। সেই সূত্র ধরে কচুয়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা বলে ধারণা করা তার চাচা নাহিদ হোসেনকে আটক করতে সক্ষম হয় চাঁদপুর সদর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালিয়ে প্রথমে সানিকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কচুয়া থেকে নাহিদকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।