জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনকে ১ লক্ষ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় তাকে সাবেক পৌর মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত ঘরের একটি কক্ষ থেকে পটুয়াখালী দুদকের একটি টিম গ্রেপ্তার করে। ওইদিন দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁনের দাবি, সাবেক মেয়র মতিয়ার রহমানের অপকর্ম আড়াল করতে এবং তার প্রস্তাবমতো কাজ না করায় তিনি (মতিয়ার) সাব-ঠিকাদার নোমান রেজাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দুদক দিয়ে তাকে ফাঁসিয়েছেন। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। জানা গেছে,, আমতলী পৌরসভার সৌন্দর্য বর্ধনে বিশ্বব্যাংকের অর্থায়নে ২০২৩-২৪ অর্থ বছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা ব্যয়ে এলজিসিআরপি প্রকল্প হাতে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিল মাসে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান গোপনে এ কাজের দরপত্র আহ্বান করেন।
সাবেক মেয়র মতিয়ার রহমান সাব-ঠিকাদার নোমান রেজা নামের একজনকে দিয়ে কাজ করাচ্ছেন। ওই কাজের তদারকি করছেন আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুবেল খাঁন।
সাব-ঠিকাদার নোমান রেজার বলেন, তার কাছে রুবেল ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেছেন। তার দাবিকৃত টাকা সোমবার বেলা ১১টার সময় সাবেক মেয়র মতিয়ার রহমানের পরিত্যক্ত ঘরের একটি কক্ষে তাকে দেওয়া হয়। এ সময় পটুয়াখালী দুদকের একটি টিম তাকে হাতেনাতে ওই টাকাসহ গ্রেপ্তার করেছে। ওইদিন দুপুরে সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের দুদক সহকারী পরিচালক তাপস বিশ্বাস আমতলী ডাক বাংলো প্রাঙ্গণে প্রেস ব্রিফিং শেষে তাকে আমতলী থানায় সোপর্দ করেছেন।
আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খাঁন বলেন, আমতলী পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান বিগত বছরে উন্নয়নমূলক কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এখনও তিনি পৌরসভার কাজে অনিয়ম করে টাকা হাতিয়ে নিতে চান। আমি তাতে রাজি না হওয়ায় তিনি (মতিয়ার) তার লোক নোমান রেজাকে দিয়ে পরিকল্পিতভাবে আমার পকেটে টাকা ঢুকিয়ে দুদক দিয়ে ধরিয়ে দিয়েছেন।
পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, হাতেনাতে ঘুষের ১ লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে দেওয়া তথ্যের টাকার নম্বরের সঙ্গে তার সঙ্গে থাকা টাকা হুবহু মিলে গেছে। তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ এর ২ ধারায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, তাকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, দুদক আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রেখেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি জেনেছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সরকারি চাকরি বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।