ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা ‘গ্রিন সিটি’ ঘিরে
গড়ে ওঠা বাজারে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অনুমোদনহীন ও নামসর্বস্ব যৌন উত্তেজক
ওষুধের রমরমা বাণিজ্য চলছে। গ্রিন সিটির ২ নম্বর গেটের বিপরীতে নবাব আলী নামের এক
ব্যক্তির পরিচালিত ফার্মেসিতে দীর্ঘদিন ধরে এই কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা যায়, সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা নবাব আলীর এই ফার্মেসিটি দিনের বেলা বন্ধ থাকলেও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। রুশ নাগরিকদের আকৃষ্ট করতে দোকানের সাইনবোর্ডটিও লেখা হয়েছে রুশ ভাষায়। ভেতরের প্রায় ৯০ শতাংশ পণ্যই বিভিন্ন অখ্যাত প্রতিষ্ঠানের তৈরি যৌন উত্তেজক সিরাপ, ট্যাবলেট ও হালুয়া। পরিচিত কোনো কোম্পানির সাধারণ ওষুধ সেখানে নেই বললেই চলে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি নাগরিক অধ্যুষিত এই ‘মিনি রাশিয়া’ এলাকায় প্রবাসীদের সরলতার সুযোগ নিয়ে চড়া দামে এসব মানহীন পণ্য বিক্রি করা হচ্ছে। এ ছাড়া নামী ওষুধ কোম্পানির পণ্যের নামের সঙ্গে মিল রেখে তৈরি নকল ওষুধ ও কথিত ভিটামিনও সেখানে রাখা হয়েছে, যা বিদেশিদের চরম স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। অভিযোগের বিষয়ে দোকানি নবাব আলী বিদেশিদের কাছে এসব বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘এখানে রাশিয়ান নাগরিকেরা চলাফেরা করেন, মূলত তাঁদের জন্যই এগুলো রাখা। বাঙালিরা খুব একটা আসে না।’ তবে এসব পণ্যের ক্ষতির দিকটি স্বীকার করে তিনি বলেন, এগুলোতে মানুষের ক্ষতির আশঙ্কা থাকে এবং এগুলো বিক্রি করা উচিত নয়।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব জানান, অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিষয়টি ওষুধ তত্ত্বাবধায়ককে জানিয়ে দ্রুত অভিযানের ব্যবস্থা করবেন। অন্যদিকে, এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ভিন্ন সুর শোনা যায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের কণ্ঠে। সাংবাদিক পরিচয়ে তথ্য জানানোর পরও তিনি কার্যালয়ে গিয়ে অভিযোগ বক্সে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। লিখিত অভিযোগের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এমন তথ্য অনেক আসে, মনে থাকে না। আপনার ভালোর জন্যই বলছি, তর্কে জড়াবেন না।’ একপর্যায়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।