নুর নাহার : রাজধানীর ধানমন্ডির একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ডিজিটাল রেজিষ্ট্রেশন কার্ড তৈরির সনদ উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ। ডিবিসি নিউজ
ধানমন্ডির ১৯ নম্বর রোডের একটি বাসায় এই অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদসহ অত্যাধুনিক প্রিন্টার ও মেশিনারিজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিল উদ্ধার করে তারা।
ডিএমপি'র ডিসি (ডিবি, নর্থ) মশিউর রহমান জানান, মোস্তফা কামাল জয় নামের এক ব্যক্তি ১৫ বছর ধরে তার স্ত্রী ও শালিকার সহায়তায় এই কাজ করে আসছিলো। ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল রেজিষ্ট্রেশন সনদের জন্য ৩০০ থেকে ৮০০ টাকা করে নিতেন তিনি। ১৫ বছরে বিভিন্ন সময়ে লক্ষাধিক ড্রাইভিং লাইসেন্স ও ডিজিটাল সনদ সরবরাহ করেছে এই ব্যক্তি বলেও জানায় পুলিশ।
এদিকে, কিছু দালাল এই কাজের সঙ্গে যুক্ত আছেন উল্লেখ করে মশিউর রহমান জানান, বিআরটিএ'র কেউ এ কাজে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।