কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নিয়মে বড় পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। তাদের জন্য বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে। এতে নতুন নির্মাতাদের আয় শুরু করতে আগের তুলনায় বেশি ভিউ, ওয়াচ আওয়ার ও সাবস্ক্রাইবার প্রয়োজন হবে।
২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) সম্প্রসারণের পরিবর্তে আয়ের যোগ্যতা অর্জনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব নতুন নির্মাতা ইউটিউব থেকে অর্থ উপার্জনের পরিকল্পনা করছেন, তাদের কনটেন্ট তৈরির কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।
যেসব শর্ত পূরণ করতে হবে
নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে একজন নির্মাতার চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি নিচের দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে—
১. গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার থাকতে হবে।
২. গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।
অর্থাৎ, আগের নিয়মে বিজ্ঞাপনের আয় পেতে গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ প্রয়োজন হতো। নতুন নিয়মে এই দুই ক্ষেত্রেই যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।
বর্তমান নির্মাতাদের কী হবে
ইউটিউব জানিয়েছে, নতুন নিয়ম শুধু পার্টনার প্রোগ্রামে যোগ দিতে আবেদন করা নতুন নির্মাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত আছেন, তাদের বর্তমান অবস্থান বা দীর্ঘ ভিডিও থেকে বিজ্ঞাপনের আয় এতে প্রভাবিত হবে না।
তবে শর্টস ভিডিও থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের অংশ পেতে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে আলাদা শর্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে গত ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য শর্টস ভিউ থাকতে হবে।
কেন পরিবর্তন আনছে ইউটিউব
ইউটিউবের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মে দর্শক ও কনটেন্ট দেখার ধরনে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং নির্মাতাদের আয়ের সুযোগ আরও বিস্তৃত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়মের পাশাপাশি নির্মাতাদের জন্য ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।