কৃত্রিম বুদ্ধিমত্তাকে বা এআই শুধু ফোন বা কম্পিউটারের মতো প্রচলিত ডিভাইসে সীমাবদ্ধ না রেখে নিজেদের পছন্দমতো গ্যাজেটে ব্যবহারের সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। ‘মিউজ গ্যাজেটস’ নামের ওপেন সোর্স প্রকল্পের মাধ্যমে ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বাজারে সহজলভ্য হার্ডওয়্যার ব্যবহার করে মেটার ব্যক্তিগত এআই এজেন্ট মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।
এ জন্য মিউজের ডিভাইস সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট (এসডিকে) ও ফার্মওয়্যার উন্মুক্ত করেছে মেটা। প্রতিষ্ঠানটির প্রকাশিত সফটওয়্যার ও কোড ব্যবহার করে ইএসপি৩২ বোর্ড, রাস্পবেরি পাই বা লিনাক্সচালিত কম্পিউটারকে মিউজ গ্যাজেটে রূপ দেওয়া যাবে। এসব ডিভাইসের সঙ্গে ডিসপ্লে, বোতাম, স্পিকার, সেন্সর ও বিভিন্ন অ্যাকচুয়েটর যুক্ত করে নির্দিষ্ট কাজের জন্য মিউজ ব্যবহার করা সম্ভব হবে।
মেটার প্রকাশিত এসডিকে দুটি মূলত ইএসপি ৩২ ও লিনাক্সভিত্তিক ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। প্রকল্পটির কোড ও ফার্মওয়্যার অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় উন্মুক্ত করা হয়েছে।
মেটা জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহার করে নির্মাতারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মিউজ গ্যাজেট তৈরি করতে পারবেন। উদাহরণ হিসেবে রঙিন ই-ইঙ্ক ডিসপ্লেযুক্ত ডিভাইসে সংক্ষিপ্ত তথ্য, রিমাইন্ডার বা শপিং লিস্ট দেখানোর সুবিধার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া ছোট পর্দা ও পুশ-টু-টক বোতামযুক্ত পকেট ডিভাইস তৈরি করা যাবে। আবার এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে টেলিভিশনেও মিউজ ব্যবহারের ব্যবস্থা করা সম্ভব হবে। রাস্পবেরি পাইয়ের মাধ্যমে মিউজকে হোম অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন লিনাক্স অ্যাপ্লিকেশনের সঙ্গে যুক্ত করার সুযোগ থাকবে।
এ ধরনের একটি ডিভাইসের নমুনাও তৈরি করেছে মেটা। ‘মিউজ হোম লিংক’ নামের ছোট আকৃতির ইউএসবি-সি চালিত ডিভাইসটি মিউজকে বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্ক ও সামঞ্জস্যপূর্ণ স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করে। এর মাধ্যমে মিউজ ব্যবহার করে আলো জ্বালানো, টেলিভিশন নিয়ন্ত্রণ বা প্রিন্টারে নথি পাঠানোর মতো কাজ করা যাবে। ডিভাইসটিতে এসপ্রেসিফের ইএসপি৩২-সি৫ চিপ এবং ওয়াই-ফাই ৬ সমর্থন রয়েছে।
মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান ন্যাট ফ্রিডম্যান জানিয়েছেন, মিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রে সক্রিয় মিউজ গ্রাহকদের মধ্যে আগে আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে এসব ডিভাইস বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে মেটা। একজন গ্রাহক সর্বোচ্চ একটি ডিভাইস পাবেন। অক্টোবরেই ডিভাইসগুলো পাঠানো শুরু হবে।