মনিরুল ইসলাম : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন না করে জাতীয় পুনর্মিলনের কোনো অর্থ হয় না। বিচার নিশ্চিত করার পরই কেবল টেকসই পুনর্মিলনের পথ তৈরি হতে পারে।
আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর একটি সেশনে তিনি এসব কথা বলেন। ‘মহাসংলাপ: ন্যায়বিচার, জবাবদিহিতা ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক এই সেশনে বক্তব্য দেন তিনি।
ডেপুটি স্পীকার বলেন, রাষ্ট্রীয় সহিংসতায় জড়িতদের আইনের আওতার বাইরে রাখার প্রবণতার কারণেই বিশ্বব্যাপী পুনর্মিলন প্রক্রিয়া ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, বিচারিক ও রাজনৈতিক কাঠামোকে নতুনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা শাসকগোষ্ঠীর পরিবর্তে জনগণের সেবায় নিয়োজিত থাকে। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে ৫ আগস্ট বা তার পূর্ববর্তী সময়ের ঘটনাগুলো কেবল সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা দেশের রাজনৈতিক কাঠামোর একটি মৌলিক পুনর্গঠন। সে সময় জনগণ আইনের শাসন উপেক্ষা ও নাগরিক অধিকার দমনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতান্ত্রিক মর্যাদা পুনরুদ্ধারে সংগ্রাম করেছে।
ডেপুটি স্পীকারের ভাষ্য, ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থার সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। যারা রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারা দেশের রাজনৈতিক ভবিষ্যতের অংশ হওয়ার যোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি, যা স্বৈরাচারী প্রবণতাকে প্রতিহত করতে সক্ষম হবে। সরকার এমন একটি কাঠামো নির্মাণে কাজ করছে, যেখানে জবাবদিহিতা নিশ্চিত থাকবে এবং স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করা যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একসময় বিচারহীনতার সংস্কৃতি ছিল, তবে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করছে। জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
সেশনে আরও অংশ নেন ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডিজ সেন্টারের অধ্যাপক করোরি সিং, নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, দক্ষিণ আফ্রিকার উইটস ইউনিভার্সিটির গবেষক মাদালিৎসো জিলিলো ফিরি এবং কলম্বিয়ার সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার।
উল্লেখ্য, ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সোমবার ছিল সমাপনী দিন।