স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। অথচ ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর এবার তাঁকে জাতীয় দলের তিন সংস্করণেই দেখতে চান ভারতের সাবেক অধিনায়ক ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। শুধু তা-ই নয়, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের দলেও এই বিস্ময়বালককে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক এই নির্বাচক। এ জন্য নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন কড়া বার্তা—‘এবার জেগে উঠুন।
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান বৈভব। মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসে হাঁকান ২৮টি ছক্কা। গড়েন একাধিক লিস্ট ‘এ’ রেকর্ড। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পর বৈভবকে আর বয়সের অজুহাতে অপেক্ষায় রাখতে রাজি নন শ্রীকান্ত। -- আজকাল
নিজের ইউটিউব চ্যানেলে বৈভবের প্রশংসা করে সাবেক এই ভারতীয় ওপেনার বলেন, তিন সংস্করণের ক্রিকেটেই খেলার সামর্থ্য রয়েছে তরুণ এই ব্যাটারের। টেস্টে সরাসরি খেলাতে না চাইলে অন্তত ১৫ সদস্যের দলে রাখা উচিত তাঁকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই বৈভবকে সুযোগ দেওয়ার পক্ষে তিনি।
শ্রীকান্তের ভাষায়, ‘ও তিন সংস্করণের ক্রিকেটার। টেস্টে খেলাতে না চাইলে সমস্যা নেই, অন্তত ১৫ সদস্যের দলে রাখুন। এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ওকে সুযোগ দিন। খেলতে দিন। সত্যিই যদি বৈভবকে তৈরি করতে চান, তাহলে ২০২৭ বিশ্বকাপের দলেও রাখুন। একদিন ও একাই ম্যাচ জেতাবে।’
বৈভবের ব্যাটিংয়ের ধরন নিয়েও কথা বলেছেন শ্রীকান্ত। অনেকের ধারণা, তরুণ এই ব্যাটারের সাফল্যের মূল রহস্য তাঁর শারীরিক শক্তি। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ভারতের সাবেক এই ওপেনার। তাঁর মতে, বৈভবের ব্যাটিংয়ে পাওয়ারের পাশাপাশি রয়েছে দুর্দান্ত টাইমিং, আত্মবিশ্বাস ও অসাধারণ মানসিক দৃঢ়তা। ব্যাটিংয়ের সময় তাঁর শান্ত ও স্থির থাকার ক্ষমতাকেও বড় গুণ হিসেবে দেখছেন তিনি।
এমনকি বৈভবের প্রতিভার প্রশংসা করতে গিয়ে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির প্রসঙ্গও টেনেছেন শ্রীকান্ত। শচীনকে ‘ক্রিকেটের ঈশ্বর’ উল্লেখ করে বৈভবকে বলেছেন ‘ক্রিকেটের ঈশ্বরের পুত্র’। তাঁর মতে, বৈভবের মধ্যে রয়েছে বিশেষ কিছু করার বিরল সামর্থ্য।
তবে শুধু প্রশংসা করেই থামেননি শ্রীকান্ত। বৈভবকে আরও প্রস্তুতির অজুহাতে জাতীয় দলের বাইরে রাখার প্রবণতার বিরুদ্ধেও সতর্ক করেছেন তিনি। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে উদ্দেশ করে তাঁর স্পষ্ট বার্তা, ‘এই ছেলেকে উৎসাহ না দিয়ে যদি বারবার বলা হয়, ওকে আরও তৈরি হতে হবে, তাহলে সেটা অন্যায় হবে। এভাবে আপনারা একজন ক্রিকেটারের প্রতিভা নষ্ট করে দেবেন। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে বলছি, এবার জেগে উঠুন।’
তবে বৈভবের সেই বিধ্বংসী ইনিংসের পরের ম্যাচে বড় রান পাননি তিনি। শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকেও বিদায় নিয়েছে ভারত। কিন্তু একটি ম্যাচের ব্যর্থতায় বৈভবের প্রতিভা নিয়ে শ্রীকান্তের উচ্ছ্বাসে ভাটা পড়েনি।