শিরোনাম
◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি, আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ডের ভবিষ্যদ্বাণী আকাশ চোপড়ার

স্পোর্টস ডেস্ক : মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক বিস্ময় উপহার দিচ্ছেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। এবার এই বিস্ময়বালককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, ভবিষ্যতে আইপিএলের নিলামে বৈভবের দাম উঠতে পারে ৪০ কোটি টাকা! এমনকি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার সামর্থ্যও রয়েছে তাঁর।

এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন বৈভব। তাঁর ব্যাটে ভর করে সহজ জয় পেয়েছে ভারত 'এ' দল। ইনিংসে ছিল রেকর্ড গড়া ব্যাটিংয়ের প্রদর্শনী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি করার পাশাপাশি দ্রুততম দ্বিশতকের নজিরও গড়েছেন রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার।

বৈভবের সামর্থ্যে এতটাই মুগ্ধ আকাশ যে, ভবিষ্যতে আইপিএলের নিলামে তাঁর জন্য ৪০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে বলে মনে করছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমরা এমন একজন ক্রিকেটারকে নিয়ে কথা বলছি, যিনি ৪০ কোটি টাকা চাইতেই পারেন। ভবিষ্যতে যদি সে আইপিএলের নিলামে ওঠে কিংবা কোনো দল তাকে ধরে রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে উঠতে পারে।’

বৈভবের সামর্থ্য বোঝাতে গিয়ে আকাশ টেনেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, কে এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার মতো তারকাদের প্রসঙ্গও। তাঁর মতে, অন্য ক্রিকেটাররা দলকে জয়ের পথে এগিয়ে নেন, কিন্তু বৈভবের সামর্থ্য রয়েছে একাই ম্যাচের চিত্র বদলে দেওয়ার। এমনকি প্রতিপক্ষের জন্য ম্যাচকে একপেশে করে তুলতে পারেন তিনি।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে বৈভবের ইনিংসকে ভিডিও গেমের সঙ্গে তুলনা করেছেন আকাশ। তাঁর বিস্ময়, মাত্র ৫২ বলে কীভাবে ২০০ রান করা সম্ভব! বিশেষ করে ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমন বিধ্বংসী ব্যাটিংকে অবিশ্বাস্য বলেই মনে হয়েছে তাঁর।

আকাশের কথায়, ‘পাকিস্তানের বিপক্ষে বৈভবকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সে ম্যাচে রান করতে পারেনি। তবে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে রান তাড়া করতে নেমে ২০০ রান করা সহজ নয়। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এমন ইনিংস খেলা প্রায় অসম্ভব। মনে হচ্ছিল যেন ভিডিও গেম চলছে। কিন্তু বৈভব সেটাই বাস্তবে করে দেখিয়েছে।

মাত্র ১৫ বছর বয়সেই যেভাবে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন বৈভব, তাতে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমেই চড়ছে। আকাশের ৪০ কোটি টাকার ভবিষ্যদ্বাণী সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।

  • সর্বশেষ