স্পোর্টস ডেস্ক : গত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই ঘটনার পর এবার আবার আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, আগামী মৌসুমের আইপিএলের ছোট নিলামে নাম দিয়েছেন মুস্তাফিজুর। শুধু তিনি নন, বাংলাদেশের নাহিদ রানা, রিশাদ হোসেন ও তৌহিদ হৃদয়সহ আরও কয়েকজন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধন করেছেন।-- আনন্দবাজার
আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিলামে নাম নিবন্ধনের সুযোগ রয়েছে। এর মধ্যে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে, কোন ক্রিকেটারদের ধরে রাখছে তারা। এরপর নিবন্ধিত ক্রিকেটারদের মধ্য থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবে আইপিএলের গভর্নিং কাউন্সিল। সেই তালিকা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম।
সাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি অভিজ্ঞতা মুস্তাফিজুরের। এখন পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছিলেন। এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। আইপিএলে ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেটে তাঁর শিকার ৬০ উইকেট।
গতবার মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার ঘটনায় বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর জেরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানালেও তা গ্রহণ করেনি আইসিসি। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয় বাংলাদেশকে। তাদের পরিবর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
তবে বাংলাদেশের নতুন সরকার গঠনের পর বিসিবিতেও এসেছে পরিবর্তন। সভাপতি হয়েছেন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন তিনি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন নিয়েও চলছে আলোচনা। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুরসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটারের আইপিএল নিলামে নাম লেখানোকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।