শিরোনাম
◈ শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয়ও বাড়বে, শনিবার থেকে সব কলকারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর ◈ পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী ◈ পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর ◈ জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর সম্পত্তিতে দ্বিতীয় স্ত্রীর অংশ কত, সন্তানরা পাবেন কে কত? ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল পুলিশ ◈ শুভেন্দুকে বিজেপিতে যোগ দিতে বলেছিলেন প্রণব? দাবি উড়িয়ে দিলেন ছেলে ◈ অনন্ত আম্বানির সঙ্গে আচরণের ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে নোটিশ শাহরুখের ◈ জিটুজি পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার, ব্যয় ১,৯০৯ কোটি টাকা ◈ আওয়ামী লীগের সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসা ও পারদ থেকে স্বর্ণ তৈরি সম্ভব, স্বর্ণের দাম কমার পেছনে কি কৃত্রিম উৎপাদন? যা বলছে বিজ্ঞান

ড. কবিরুল বাশার: স্বর্ণের মূল্য হাজার বছর ধরে সম্পদ, আভিজাত্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশে স্বর্ণের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে এর বাজারমূল্য ওঠানামা করে। কিন্তু আধুনিক পারমাণবিক পদার্থবিজ্ঞান এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে বিজ্ঞানীরা পরীক্ষাগারে অন্য মৌল, বিশেষ করে সিসা (Lead) ও পারদের (Mercury) মতো মৌলের পারমাণবিক নিউক্লিয়াস পরিবর্তন করে স্বর্ণের পরমাণু তৈরি করতে সক্ষম হয়েছেন। বিষয়টি শুনতে প্রাচীন রসায়নবিদদের স্বপ্নের মতো মনে হলেও এটি আধুনিক নিউক্লিয়ার ফিজিকসের বাস্তব সাফল্য।

সম্প্রতি স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দামের উল্লেখযোগ্য পতন এবং বিভিন্ন গবেষণাগারে কৃত্রিমভাবে স্বর্ণ তৈরির বৈজ্ঞানিক সাফল্য নিয়ে জনমনে একটি প্রশ্ন তৈরি হয়েছে— গবেষণাগারে স্বর্ণ উৎপাদন কি ভবিষ্যতে স্বর্ণের বাজারমূল্য কমিয়ে দিতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে স্বর্ণ তৈরির বৈজ্ঞানিক পদ্ধতি এবং বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনার মধ্যে পার্থক্য বুঝতে হবে।

সাধারণ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি মৌলকে অন্য মৌলে রূপান্তর করা সম্ভব নয়। কারণ কোনো মৌলের পরিচয় নির্ধারিত হয় তার পারমাণবিক নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা দিয়ে। স্বর্ণের পারমাণবিক সংখ্যা ৭৯, অর্থাৎ প্রতিটি স্বর্ণ পরমাণুর নিউক্লিয়াসে ৭৯টি প্রোটন থাকে। অন্যদিকে পারদে ৮০টি এবং সিসায় ৮২টি প্রোটন রয়েছে। সুতরাং পারদ বা সিসার নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট সংখ্যক প্রোটন অপসারণ কিংবা নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে প্রোটন ও নিউট্রনের সংখ্যা পরিবর্তন করে স্বর্ণের নিউক্লিয়াস তৈরি করা তাত্ত্বিকভাবে সম্ভব। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন।

১৯১৯ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড নাইট্রোজেন নিউক্লিয়াসে আলফা কণা প্রয়োগ করে অক্সিজেন তৈরি করেছিলেন। এটি ছিল কৃত্রিমভাবে একটি মৌলকে অন্য মৌলে রূপান্তরের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক সাফল্য। পরবর্তী সময়ে পারমাণবিক চুল্লি, কণা ত্বরক (Particle Accelerator) এবং নিউক্লিয়ার বিক্রিয়ার উন্নতির ফলে বিভিন্ন মৌলকে অন্য মৌলে রূপান্তরের প্রযুক্তি আরও উন্নত হয়েছে।

Advertisement

স্বর্ণ তৈরির প্রথম দিককার উল্লেখযোগ্য বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। ১৯৪১ সালে বিজ্ঞানী রবার্ট শের, কেনেথ টি বেইনব্রিজ এবং হ্যারল্ড এইচ অ্যান্ডারসন পারদের ওপর উচ্চশক্তির নিউট্রন প্রয়োগ করে তেজস্ক্রিয় স্বর্ণ তৈরি করতে সক্ষম হন। তাদের গবেষণায় পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে স্বর্ণের তেজস্ক্রিয় সমস্থানিক উৎপন্ন হওয়ার প্রমাণ পাওয়া যায়। তাদের এই গবেষণাপত্র ‘ট্রান্সমিউটেশন অব মার্কারি বাই ফাস্ট নিউট্রনস’ শিরোনামে ১৯৪১ সালে ফিজিক্যাল রিভিউ (Physical Review) জার্নালে প্রকাশিত হয়। এটি পারমাণবিক প্রক্রিয়ায় স্বর্ণ তৈরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ গবেষণা।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে স্বর্ণ উৎপাদনের পরীক্ষা চালানো হয়। ১৯৮০ সালের দিকে বিজ্ঞানী কে আলেকলেট এবং তার গবেষণা দল বিসমাথ নামীয় ভারী মৌলের ওপর উচ্চশক্তির কার্বন-১২ ও নিয়ন-২০ আয়ন প্রয়োগ করেন। এই পারমাণবিক সংঘর্ষের ফলে বিসমাথের নিউক্লিয়াস ভেঙে বিভিন্ন মৌল তৈরি হয়, যার মধ্যে স্বর্ণের সমস্থানিকও ছিল। তাদের গবেষণাপত্র ‘এনার্জি ডিপেনডেন্স অব ২০৯-বিসমাথ ফ্র্যাগমেন্টেশন ইন রিলেটিভিস্টিক নিউক্লিয়ার কলিশনস’ শিরোনামে ১৯৮১ সালে ফিজিক্যাল রিভিউ সি জার্নালে প্রকাশিত হয়।

ইউরোপের সুইজারল্যান্ডে অবস্থিত সার্ন (CERN)-এর আইসোল্ডে (ISOLDE) গবেষণাগারেও স্বর্ণ উৎপাদনের গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালিত হয়েছে। ২০২২ সালে প্রকাশিত একটি গবেষণায় এ. ই. বারজাখ, এ. এন. আন্দ্রেয়েভ, ডি. আতানাসভ এবং তাদের সহকর্মীরা ইউরেনিয়ামের ওপর ১ দশমিক ৪ গিগা-ইলেকট্রন ভোল্ট শক্তির প্রোটন প্রয়োগ করেন। এই প্রক্রিয়ায় বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের পাশাপাশি স্বর্ণের ১৮ ধরনের আয়ন রশ্মি উৎপন্ন ও শনাক্ত করা সম্ভব হয়। তাদের গবেষণাপত্র ‘প্রোডিউসিং গোল্ড অ্যাট আইসোল্ডে-সার্ন’ (Producing Gold at ISOLDE-CERN) শিরোনামে ২০২২ সালে নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টস অ্যান্ড মেথডস ইন ফিজিকস রিসার্চ, সেকশন বি (Nuclear Instruments and Methods in Physics Research, Section B) সাময়িকীতে প্রকাশিত হয়।

স্বর্ণ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সাম্প্রতিক ও আলোচিত গবেষণাটি পরিচালিত হয়েছে সার্নের বৃহৎ হ্যাড্রন সংঘর্ষযন্ত্রে (LHC)। ২০২৫ সালের ৮ মে সার্নের বিজ্ঞানীরা জানান, তাদের অ্যালিস (ALICE) পরীক্ষায় সিসার পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বর্ণ উৎপন্ন হওয়ার ঘটনা শনাক্ত ও বিশ্লেষণ করা হয়েছে। অত্যন্ত উচ্চশক্তিতে ছুটে চলা দুটি সিসার নিউক্লিয়াস সরাসরি সংঘর্ষে লিপ্ত না হয়ে খুব কাছাকাছি অতিক্রম করার সময় তাদের তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ায় নিউক্লিয়াস থেকে প্রোটন নির্গত হতে পারে। এই প্রক্রিয়াকে তড়িৎ চুম্বকীয় বিচ্ছেদ বলা হয়। সিসার নিউক্লিয়াস থেকে তিনটি প্রোটন অপসারিত হলে তা স্বর্ণের নিউক্লিয়াসে রূপান্তরিত হয়।

কারণ সিসার পারমাণবিক সংখ্যা ৮২, আর স্বর্ণের ৭৯। সার্নের অ্যালিস পরীক্ষায় প্রতি সেকেন্ডে সর্বোচ্চ প্রায় ৮৯ হাজার স্বর্ণের নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। তবে এই স্বর্ণের পরিমাণ অত্যন্ত নগণ্য। বৃহৎ হ্যাড্রন সংঘর্ষযন্ত্রের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় চারটি প্রধান পরীক্ষাকেন্দ্র মিলিয়ে উৎপন্ন স্বর্ণের মোট পরিমাণ ছিল আনুমানিক ২৯ পিকোগ্রাম, অর্থাৎ এক গ্রামের ১০০ কোটির এক ভাগেরও অনেক কম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, উৎপন্ন স্বর্ণের নিউক্লিয়াসগুলো অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সংঘর্ষযন্ত্রের ভেতরের যন্ত্রাংশ বা বিম পাইপের সঙ্গে আঘাতের ফলে ভেঙে যায়। ফলে এগুলো সংগ্রহ করে ব্যবহারযোগ্য স্বর্ণ হিসেবে পাওয়া সম্ভব নয়। এ গবেষণার ফলাফল ফিজিক্যাল রিভিউ সি (Physical Review C) সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

স্বর্ণ তৈরির চেষ্টা অবশ্য আধুনিক বিজ্ঞানের একেবারে নতুন বিষয় নয়। মধ্যযুগে আলকেমিস্টরা বিভিন্ন ধাতু থেকে স্বর্ণ তৈরির চেষ্টা করতেন। ১৯২৪ সালে জার্মানির বিজ্ঞানী অ্যাডলফ মিথে পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি করেছিলেন। এ বিষয়ে নেচার জার্নালে  “The Reported Transmutation of Mercury into Gold” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে সেই সময়ের দাবির বৈজ্ঞানিক প্রমাণ আধুনিক পারমাণবিক গবেষণার মতো সুপ্রতিষ্ঠিত ছিল না।

২০২৬ সালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা যাচ্ছে। রয়টার্সের ১৬ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৯৪ মার্কিন ডলার ৮২ সেন্টের রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। পরবর্তী সময়ে তা কমে ৩ হাজার ৮৩০ ডলার ৭৪ সেন্টে নেমে আসে, যা জানুয়ারির সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ কম। ২০ নভেম্বরের আরেকটি প্রতিবেদনে দেখা যায়, ওই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৯ দশমিক ২ শতাংশ কমেছে।

কিন্তু এই মূল্যপতনের সঙ্গে গবেষণাগারে কৃত্রিম স্বর্ণ তৈরির কোনো প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, এমন প্রমাণ নেই। বরং আন্তর্জাতিক অর্থনীতি, সুদের হার, ডলারের বিনিময়মূল্য, বিনিয়োগকারীদের আচরণ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি এ পতনের প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে। স্বর্ণ কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। ফলে ব্যাংক আমানত বা সরকারি বন্ডে সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ তুলনামূলকভাবে কমে যায়। দ্বিতীয়ত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের আন্তর্জাতিক চাহিদাকে প্রভাবিত করছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ডলারে নির্ধারিত হয়। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এতে চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়। তৃতীয়ত, আন্তর্জাতিক শেয়ারবাজারে অস্থিরতা এবং প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারের মূল্যপতনের কারণে অনেক বিনিয়োগকারী নগদ অর্থ সংগ্রহের জন্য স্বর্ণ বিক্রি করছেন।

সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও আর্থিক সংকটের সময় নগদ অর্থের প্রয়োজন মেটাতে বিনিয়োগকারীরা স্বর্ণও বিক্রি করে থাকেন। চতুর্থত, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতা এবং ব্যক্তিগত বিনিয়োগের চাহিদায় পরিবর্তন এসেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক আনুমানিক ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। তবে কিছু বড় ক্রেতার কেনার প্রবণতা কমে আসার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতির আশঙ্কা এবং ভবিষ্যৎ মুদ্রানীতির অনিশ্চয়তাও স্বর্ণের বাজারকে প্রভাবিত করছে। অর্থাৎ সাম্প্রতিক মূল্যপতন মূলত বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গবেষণাগারে স্বর্ণ তৈরির বিষয়টি নিঃসন্দেহে অসাধারণ অর্জন। কিন্তু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এক গ্রাম স্বর্ণ উৎপাদনের জন্য যে পরিমাণ শক্তি, উন্নত প্রযুক্তি, ব্যয়বহুল যন্ত্রপাতি এবং গবেষণার প্রয়োজন, তার অর্থনৈতিক মূল্য উৎপন্ন স্বর্ণের বাজারমূল্যের তুলনায় বহুগুণ বেশি। অন্যদিকে পৃথিবীর প্রাকৃতিক স্বর্ণখনি, পুনর্ব্যবহৃত স্বর্ণ এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা থেকে যে পরিমাণ স্বর্ণ বাজারে আসে, তার তুলনায় গবেষণাগারে উৎপাদিত স্বর্ণের পরিমাণ প্রায় অস্তিত্বহীন। ফলে বর্তমান প্রযুক্তিতে কৃত্রিম স্বর্ণ বাজারে সরবরাহ বাড়িয়ে মূল্য কমিয়ে দেওয়ার মতো অবস্থানে নেই। তবে ভবিষ্যতে নিউক্লিয়ার প্রযুক্তি, কণা ত্বরক এবং পারমাণবিক বিক্রিয়ার দক্ষতা অনেক উন্নত হলেও কৃত্রিম স্বর্ণ উৎপাদন অর্থনৈতিকভাবে লাভজনক হবে কি না, তা নির্ভর করবে উৎপাদন ব্যয়, শক্তির প্রাপ্যতা, উৎপাদিত আইসোটোপের স্থায়িত্ব এবং স্বর্ণ পৃথকীকরণের প্রযুক্তির ওপর। শুধু একটি মৌলকে অন্য মৌলে রূপান্তর করতে পারাই বাণিজ্যিক উৎপাদনের নিশ্চয়তা নয়।

গবেষণাগারে অন্য মৌল থেকে স্বর্ণ তৈরির ঘটনা মানবসভ্যতার বৈজ্ঞানিক অগ্রগতির একটি অসাধারণ উদাহরণ। একসময় যে স্বপ্নকে আলকেমি বা কল্পবিজ্ঞান বলে মনে করা হতো, আধুনিক নিউক্লিয়ার ফিজিকস সেই স্বপ্নকে পরীক্ষামূলক বাস্তবতায় রূপ দিয়েছে। তবে বিজ্ঞানীদের এই সাফল্যকে স্বর্ণের সহজলভ্যতা কিংবা বাজারমূল্য কমে যাওয়ার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। বর্তমান প্রযুক্তিতে কৃত্রিম স্বর্ণ উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল, সীমিত এবং বাণিজ্যিকভাবে অলাভজনক। তাই ২০২৬ সালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের যে মূল্যপতন দেখা যাচ্ছে, তার পেছনে গবেষণাগারে স্বর্ণ তৈরির কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। বরং ডলারের শক্তিশালী অবস্থান, সুদের হার বৃদ্ধির প্রত্যাশা, আন্তর্জাতিক বিনিয়োগ পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রবণতার পরিবর্তনই এর প্রধান নিয়ামক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রকৃতির মৌলিক উপাদানগুলোকে পরিবর্তন করার ক্ষমতা মানুষ অর্জন করলেও সেই পরিবর্তনকে অর্থনৈতিকভাবে কার্যকর উৎপাদনে রূপান্তর করা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। সুতরাং গবেষণাগারে স্বর্ণ তৈরি বিজ্ঞানের বিজয়, কিন্তু আপাতত স্বর্ণের বাজারে মূল্যপতনের কারণ নয়।

ড. কবিরুল বাশার, অধ্যাপক, গবেষক ও লেখক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 

সূত্র: জাতীয় অর্থনীতি 

  • সর্বশেষ