হানিফ সংকেত: কঠোর শব্দটির অর্থ হচ্ছে অনমনীয় অর্থাৎ মানব না, শুনব না-করবই করব। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জনসভা সবকিছুই রাজনীতির আয়না। আর কঠোর কর্মসূচিও রাজনীতির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের চূড়ান্ত কর্মসূচির নাম। এই শব্দযুগল আমাদের সবারই পরিচিত। কিছুদিন পরপরই এই কর্মসূচির ডাক শোনা যায়। এর মাধ্যমেই মানুষের ক্ষোভ সম্পর্কে সরকারকে সচেতন করে।
রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রেক্ষাপটে যখন কোনো দাবি আদায়ের জন্য সাধারণ আলোচনা কাজ করে না, তখনই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ দাবি আদায়ের লড়াইয়ে আপসকামিতা ব্যর্থ হলে, জন্ম নেয় এই কঠোর কর্মসূচি। এটি কেবল রাজপথের আন্দোলন নয়, অনেক ক্ষেত্রেই শোষিত কণ্ঠস্বরের চূড়ান্ত বহিঃপ্রকাশ। অর্থাৎ অধিকার আদায়ের যাত্রায় কঠোরতা কোনো শখ নয়, বরং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের শেষ অস্ত্র।
প্রায়ই লক্ষ করা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে শাহবাগ, প্রেস ক্লাব বা কোনো অফিস-আদালতের সামনে দলবদ্ধ হয়ে অধিকার আদায়ের নানা দাবিতে উচ্চৈঃস্বরে স্লোগান দিতে থাকেন। এসব স্লোগানের ভাষা একেক সময় একেক রকম থাকে। আগের দিনের স্লোগানের সঙ্গে এখনকার স্লোগানের বেশ পার্থক্য রয়েছে। এখনকার বেশির ভাগ স্লোগানই বেশ খোলামেলা।
যার যা খুশি তাই বলতে পারে। শুধু ছেলেরাই নয়, মেয়েদেরও দেখা যায় বেশ তালে তালে তালি বাজিয়ে এসব অসুস্থ স্লোগান দিচ্ছে। স্লোগানের ভাষা শুনে পথচারীরা কেউ কানে আঙুল দিচ্ছেন, কেউ দ্রুত স্থান ত্যাগ করছেন, কেউ মজা নিচ্ছেন, কেউ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন বলে কোনো প্রতিক্রিয়া নেই। আর কেউ ভাবছেন আমরা কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি?
মাঝেমধ্যে এই কর্মসূচি সাধারণ মানুষের জীবনে করুণ পরিণতি ডেকে আনে। আমাদের দৈনন্দিন জীবনে ‘সময়’ সবচেয়ে মূল্যবান সম্পদ হলেও কোথাও এই কঠোর কর্মসূচি শুরু হলে সময় মূল্যহীন হয়ে পড়ে, কর্মসূচির প্রভাব পড়ে পুরো শহরে। এক ঘণ্টা থেকে তিন-চার ঘণ্টার যানজট লেগে যায়। কোথাও পৌঁছানো যায় না সঠিক সময়ে। অচল হয়ে পড়ে পুরো শহর। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। শুধু যানজটই নয়, লাউডস্পিকারের অতিরিক্ত শব্দ মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে ফেলে।
রাজনীতির আয়নাকখন কোন সড়কে কোন দাবিতে কোন পক্ষ অবরোধ ঘোষণা করবে, তা ধারণা করাই দুরূহ। বলা নেই কওয়া নেই সকাল থেকেই হঠাৎ রাজধানীর বিভিন্ন সড়ক-মহাসড়ক, রেলপথ ব্লক করছেন বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী বা চাকরিজীবীরা। একেক সময় একেক দল। ফলে বিভিন্ন সড়কে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। কোনো কিছু হলেই রাস্তা ব্লকেড। এই কঠোর কর্মসূচি মানেই জনদুর্ভোগ।
কঠোর কর্মসূচির প্রধান লক্ষ্য হলো রাস্তাঘাট অবরোধ করে বসে যাওয়া, নইলে এক স্থানে জড়ো হয়ে স্লোগান দেওয়া। আর যারা এই কর্মসূচি ডাকেন, তাদের দাপট বেশি থাকলে সচিবালয়, বঙ্গভবন বা প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের অফিসও ঘেরাও করার পরিকল্পনা থাকে। ফলে মানুষের ভোগান্তিও ঘটে চরমে। সঙ্গে যদি পুলিশের একটু লাঠিচার্জ যোগ হয়, তাহলে তো কথাই নেই।
দুই-একজন আহত হবে, সাংবাদিকদের ক্যামেরা ক্লিক ক্লিক করবে, টেলিভিশন চ্যানেল, ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা সেসব ছবি ধারণ করবে, ছড়িয়ে যাবে অন্তর্জালজুড়ে। হয়ে যাবে ভাইরাল। এসব নিয়ে রাতে টিভি চ্যানেলগুলোর টক শোগুলো ব্যস্ত হয়ে পড়বে। পক্ষে-বিপক্ষে আলোচনা, উত্তপ্ত বাক্যবিনিময়, উত্তেজনা, একজন আরেকজনের দিকে তেড়ে আসা, উত্তেজনায় কারও টক শো ত্যাগ করা-এ ধরনের দৃশ্য দেখা যাবে।
তবে কর্মসূচির সঙ্গে ‘কঠোর’ শব্দটি খুব একটা যায় না, বরং কঠোরের সঙ্গে কঠোর নির্দেশ, কঠোর নিয়ম, কঠোর আইন, কঠোর শাস্তি, কঠোর শাসন, কঠোর পরিশ্রম এই শব্দগুলোই বেশি মানানসই। কিন্তু ইদানীং কঠোরের সঙ্গে কর্মসূচি শব্দটিও বেশ খাপ খেয়ে গেছে। এর কারণ কিছুদিন পরপরই রাস্তাঘাটে, পত্রপত্রিকায়, টিভিতে, ইউটিউবে, ফেসবুকে এই ‘কঠোর’ শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অতিব্যবহারে এই কঠোর শব্দটিও তার গুরুত্ব হারিয়েছে। কারণ অনেক কোমল কর্মসূচিতেও কঠোর শব্দটি ব্যবহার করা হয়।
অনেকের মনেই প্রশ্ন জাগে, কঠোর কর্মসূচি কী সাধারণ মানুষের ভোগান্তির জন্যই দেওয়া হয়? কর্মসূচিদাতাদের ধারণা সাধারণ মানুষ ভুগলেই প্রতিবাদ জানাবে, তাতে কর্তৃপক্ষের টনক নড়বে। অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তি যত বাড়বে কঠোর কর্মসূচি ততই ফলপ্রসূ হবে। কঠোর কর্মসূচির মতো জনসভারও নির্দিষ্ট কোনো স্থান নেই। যার যেখানে ইচ্ছা রাস্তাঘাট দখল করে চেয়ার ফেলে বসে যান। জনসভা যেখানেই হোক, মাইক লাগানো হয় অন্তত দুই-তিন কিলোমিটার পর্যন্ত। উদ্দেশ্য একটাই-আপনি শুনতে চান বা না চান, বক্তার প্রতিটি শব্দ আপনার ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছাতে হবে।
রাষ্ট্রপ্রধানদের মধ্যে কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছিলেন দীর্ঘ জনসভার রাজা। ১৯৬০ সালে জাতিসংঘের অধিবেশনে কিউবার প্রতিনিধি হিসেবে তিনি ৪ ঘণ্টা ২৯ মিনিট ভাষণ দিয়েছিলেন। যা এখন পর্যন্ত জাতিসংঘে দেওয়া দীর্ঘ বক্তব্যের তালিকায় প্রথমে রেখেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। আর নিজ দেশে তো ৭-৮ ঘণ্টা অনর্গল কথা বলা তাঁর কাছে স্বাভাবিক ব্যাপার!
১৯৮৬ সালে হাভানায় কমিউনিস্ট পার্টির তৃতীয় সম্মেলনে বক্তব্য রেখেছিলেন টানা ৭ ঘণ্টা ১০ মিনিট। তবে ফিদেল কাস্ত্রোর দীর্ঘ বক্তব্য যাঁদের উদ্দেশে, সেই অনুসারীরা কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন, বিরক্ত হননি। আজকাল আমাদের এখানে কোনো কোনো জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বক্তা তার ইমেজকে পোক্ত এবং ভক্ত বাড়াবার জন্য বেশ শক্ত শক্ত ওয়াদা করেন। যা শুনে শ্রোতা মুগ্ধ হলেও বাস্তবে না পেলে ক্ষুব্ধ হন। যার ফলে পরে তিনি যেমন ফাঁসেন অন্যেরাও তেমন হাসেন।
আমাদের দেশে অনেক ভাষণেই একই কথা বারবার শোনা যায় এবং কিছু কিছু ভাষণের সময় কয়েক স্তরের নিরাপত্তার চাদর দিতে হয়। কারণ কখন কী ফোটে আর কখন কী ঘটে তা বলা কঠিন। অনেক সময় জনসভার ভিড় মাপার মাপকাঠি ধরা হয় দুপুরের বিরিয়ানির প্যাকটে। সভায় উপস্থিত অনেক কর্মীই নেতার আদর্শে যতটা না উজ্জীবিত হন, তার চেয়ে বেশি চিন্তিত থাকেন বিরিয়ানির প্যাকেটের পরিমাণ এবং ভিতরের মাংসের টুকরো নিয়ে।
ইদানীং আবার আর একধরনের আন্দোলন বা প্রতিবাদ দেখা যায় মিডিয়ার সামনে। এসব ক্ষেত্রে দেখা যায় রংবেরঙের একগাদা মাইক্রোফোনের সামনে বক্তা দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, বেশ তেজোদীপ্ত কণ্ঠে প্রতিটি বাক্য বলার সঙ্গে সঙ্গেই হ্যাঁ-সূচক ধ্বনি দিয়ে একদল সমর্থক আশপাশ থেকে একসঙ্গে চিৎকার করে ওঠে। মজার ব্যাপার হচ্ছে, ‘এ’, ‘হ্যাঁ’ বা ‘ঠিক ঠিক’ এসব অক্ষর বা শব্দধ্বনি একতালে এক লয়ে উচ্চারিত হয়। যা মাঝেমধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদের ভাষা-শব্দচয়ন-প্রক্ষেপণ সবকিছুরই পরিবর্তন হয়েছে। এখন বক্তার মধ্যে মারমুখী ভাব থাকতে হবে। যদি দাবি না মানা হয় তাহলে দেখে নেবে। কীভাবে দেখবে তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেওয়ার প্রয়োজন নেই। উত্তেজনা চরমে তুলে অপেক্ষা করতে হবে পুলিশি হস্তক্ষেপের জন্য অর্থাৎ ২/১টি সাউন্ড গ্রেনেড, কয়েকটি লাঠির বাড়ি-ব্যস পরদিন পত্রিকার পাতা ভরে এসব ছবি ছাপা হবে। ফলাফল আন্দোলন সফল।
এই কঠোর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে কোমল, নরম, সহনশীল ইত্যাদি। প্রশ্ন হচ্ছে-আমরা এই কঠোর স্বভাবের না হয়ে কোমল হৃদয়ের মানুষ হতে পারি না? মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, ‘হিংসা কখনো হিংসাকে শেষ করতে পারে না, কেবল ভালোবাসাই তা পারে।’ জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সুন্দর ও সহজভাবে এই দাবিগুলো কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারি না? ন্যায্য দাবি আদায় করতে গেলে জোর করতে হবে কেন? কর্তৃপক্ষেরও উচিত দাবির ন্যায্যতা বিবেচনা করে কর্মসূচি কঠোর হওয়ার আগেই তার সমাধান করা। মনে রাখতে হবে কর্মসূচি সমাধান মানে মানুষের ভোগান্তির অবসান। তাই সবারই উচিত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।
এখন বিভিন্ন পেশার মতো রাজনীতিও একটি লাভজনক পেশা হয়ে দাঁড়িয়েছে। যার অঢেল আছে তারাই এখন রাজনীতির আকর্ষণীয় ব্যক্তিত্ব। এদের রাজনীতিবিদ না বলে রাজনীতিজীবী বলাই শ্রেয়। শুধু কঠোর কর্মসূচিই নয়, লাখ লাখ টাকা খরচ করে বিশাল জনসভার আয়োজন করাই যেন একজন নেতা বা দলের শ্রেষ্ঠ কাজ। অথচ বড় জনসভা বা বড় মিছিল করে শোডাউন করলেই কোনো কিছু অর্জন করা যায় না। এই বিশাল শোডাউন অনেকের ক্যারিয়ার ডাউনও করে দিতে পারে।
গত নির্বাচনে কিছু কিছু নির্বাচনি মিছিল এবং জনসভা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকেরই প্রশ্ন-এত লোক এতদিন কোথায় ছিল! আগে তো এত লোকের সমাগম বা মিছিল দেখা যায়নি। মিছিলের দৈর্ঘ্য-প্রস্থ দেখে অনেকেই অবাক হয়েছেন। শুট করতে গিয়ে ড্রোন ক্যামেরার ব্যাটারিই শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এসব শোডাউনে কোনো কাজ হয় না, তা তো আমরা সব সময়ই দেখে আসছি। যারা যাকে ভোট দেওয়ার তা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বড় মিছিল বা বড় জনসভার আকর্ষণ থাকলেও শোডাউনের কোনো গুণ বা ক্ষমতা নেই, প্রভাবও নেই।
আজকাল অনেক স্থানেই ছোট ছোট সভা হয় প্যান্ডেল টাঙিয়ে। ব্যবহার করা হয় প্লাস্টিকের চেয়ার। যা ছোড়াছুড়ি করলে ফাটে কিন্তু কাটে না, অর্থাৎ শরীরের মারাত্মক কোনো ক্ষতি করতে পারে না। এসব সভাগুলো মূলত কর্মিসভা, সংবর্ধনা সভা, আলোচনা জাতীয় সভা। যেকোনো সময়ে এসব সভায় মতের অমিল হলেই সভা পণ্ড। ব্যস, যার যার বসার চেয়ার উঠে আসে হাতে, তারপর সর্বশক্তি দিয়ে ছুড়ে মারে। শুরু হয় চেয়ারযুদ্ধ। ছুড়ছে চেয়ার, উড়ছে চেয়ার। জখম হলে মৃত্যুঝুঁকি নেই বলে চেয়ার মারামারি বেশ জনপ্রিয় সভা পণ্ড ‘উপকরণ’।
জনসভা কেবল আধুনিক যুগের আবিষ্কার নয়। প্রাচীন গ্রিসের ‘আগোরা’ বা খোলা ময়দানে নাগরিকরা জড়ো হয়ে বিতর্ক করতেন। তা এত কঠোর ছিল না। তবে আমাদের এই উপমহাদেশে জনসভার মাহাত্ম্য একটু আলাদা। সে সময় মাইক ছিল না, ছিল না কোনো ডিজিটাল স্ক্রিন। নেতারা কাঠের তক্তায় দাঁড়িয়ে খালি গলায় গর্জন করতেন, আর হাজার হাজার মানুষ পিনপতন নীরবতায় সেই কথা শুনতেন। আজকের এত এত ‘সাউন্ড সিস্টেম’ আর ‘লাইভ সম্প্রচার’-এর যুগে সেসব কল্পনা করা কঠিন।
তবে আজকালকার রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা ও শক্তি প্রদর্শন শোডাউনের উদ্দেশ্যে যেসব সভা করে সেগুলোকে বলা হয় ঐতিহাসিক জনসভা, স্মরণকালের বিশাল জনসভা ইত্যাদি ইত্যাদি। শুধু তা-ই নয়, কোথাও কোথাও গ্রামের কোনো প্রাইমারি স্কুলের মাঠে আয়োজিত স্থানীয় ইউনিয়ন কাউন্সিলের মেম্বার আয়োজিত সভাকেও ঐতিহাসিক জনসভা বলা হয়। তবে বেশির ভাগ জনসভার আকার-আকৃতি, প্রকার-প্রকৃতির কারণে বহুল ব্যবহারে জরাজীর্ণ এই বিশাল, স্মরণকাল, ঐতিহাসিক শব্দগুলোও তাদের গুরুত্ব হারিয়েছে। ফলে কালে কালে গুরুত্বহীন হয়ে পড়ছে অনেক কিছুই।
লেখক : গণমাধ্যমব্যক্তিত্ব সূত্র: বাংলাদেশ প্রতিদিন