শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সময় আসেনি : মহিলা পরিষদ

মনিরুল ইসলাম : জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির বিষয়ে স্পিকারের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি বলেছে, দেশের রাজনৈতিক বাস্তবতায় এখনো সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করার সময় আসেনি। বরং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়িয়ে এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আজ রোববার ১৫ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, সংবিধানে নারী-পুরুষের সমঅধিকার এবং রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ এখনো আশানুরূপ নয়। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের যথাযথ অন্তর্ভুক্তি না থাকা, নির্বাচনে নারী প্রার্থী মনোনয়নের সীমাবদ্ধতা, নির্বাচনী অর্থায়নের সংকট, রাজনৈতিক সহিংসতা এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে রয়েছে।

এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করে সংগঠনটি। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানে এ ধরনের বিশেষ বিধান রাখা হয়েছে, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। ফলে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করা হলে সংসদে নারীর প্রতিনিধিত্ব আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

মহিলা পরিষদের মতে, সংরক্ষিত নারী আসন বিলুপ্তির উদ্যোগ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ জাতীয় নারী উন্নয়ন নীতি, জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

বিবৃতিতে বলা হয়, সংরক্ষিত নারী আসন বহাল রাখার পাশাপাশি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি। মনোনয়নের পরিবর্তে জনগণের সরাসরি ভোটে নারী সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁদের জবাবদিহি ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে। এতে সংসদে নারীর প্রতিনিধিত্ব আরও গণতান্ত্রিক, কার্যকর ও অর্থবহ হয়ে উঠবে।

সংগঠনটি জানায়, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে এ সংখ্যা ৫০। তবে মনোনয়নপ্রক্রিয়ার মাধ্যমে এসব আসনে সদস্য নির্বাচিত হওয়ায় নারীর কার্যকর রাজনৈতিক প্রতিনিধিত্ব পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বাস্তবতায় আসন বিলুপ্ত না করে সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়ানো এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে মহিলা পরিষদ।

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বহাল রেখে এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করা।

২. সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি করা।

৩. নারী আসনের জন্য নির্বাচনী এলাকা পুনর্বণ্টন করা।

৪. এ ব্যবস্থা আগামী দুই থেকে তিন সংসদীয় মেয়াদের জন্য বহাল রাখা।

বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা মনে করেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো শুধু নারীসমাজের দাবি নয়, বরং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠারও গুরুত্বপূর্ণ শর্ত। তাই সংরক্ষিত নারী আসন বিলুপ্তির পরিবর্তে আসনসংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর রাজনৈতিক অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ