মনিরুল ইসলাম : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট, অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অবৈধ মজুতদারি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন পণ্যের বাজারে ৬৭টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। পাশাপাশি বাজার তদারকিতে ১০ হাজার ১৪৪টি অভিযান চালিয়ে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের পাশাপাশি আমদানি শুল্ক ও কর কমানো, আমদানি প্রক্রিয়া সহজ করা এবং টিসিবির মাধ্যমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও অব্যাহত রেখেছে সরকার।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বাজার নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
সাত পণ্যের বাজারে ৬৭ মামলা
বাণিজ্যমন্ত্রী জানান, বাজার সিন্ডিকেট ও প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মাধ্যমে চাল, ভোজ্যতেল, ডিম, ব্রয়লার মুরগি, আটা-ময়দা, আলু ও পেঁয়াজের বাজারে মোট ৬৭টি মামলা করা হয়েছে।
এর মধ্যে চালের বাজারে ২১টি, ভোজ্যতেলে ১০টি, ডিমে ১৮টি, ব্রয়লার মুরগিতে ছয়টি, আটা-ময়দায় আটটি, আলুতে তিনটি এবং পেঁয়াজের বাজারে একটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে চাল, তেল, ডিম ও মুরগির বাজারসংক্রান্ত আটটি মামলায় আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে।
১০ হাজারের বেশি অভিযানে জরিমানা ১৫ কোটি টাকা
বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধে সরকারের অভিযান অব্যাহত রয়েছে। মন্ত্রী জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা টাস্কফোর্সের মাধ্যমে মোট ১০ হাজার ১৪৪টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ১৬ হাজার ৫২৯টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকার বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে প্রতিদিন চারটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজার ব্যবস্থাপনাকে সিন্ডিকেটমুক্ত করা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে এমসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্যবসায়ী সংগঠন ও অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়েছে।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক-কর ছাড়
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী জানান, চাল, ডাল, চিনি, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আমদানি শুল্ক ও কর হ্রাস এবং আমদানি প্রক্রিয়া সহজ করা হয়েছে। পণ্যের উৎপাদন, আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতিও নিয়মিত পর্যবেক্ষণ করছে সরকার।
সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকিমূল্যে চাল, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি অব্যাহত রয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুতদারি ও বাজার কারসাজির বিরুদ্ধে জরিমানা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফল রপ্তানি করে আয় ১২ কোটি ৬৩ লাখ ডলার
দেশের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণেও অগ্রগতি হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের প্রশ্নের জবাবে তিনি জানান, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে ৩০টি গন্তব্যে ফল রপ্তানি করে আয় হয়েছে ১২৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৬৩ লাখ ডলার। বিশ্বের ২৬টির বেশি দেশে বাংলাদেশের ফল রপ্তানি হচ্ছে। এর মধ্যে লিচু রপ্তানি থেকে আয় হয়েছে চার লাখ ২০ হাজার মার্কিন ডলার।
জিআই পণ্যের বিশ্ববাজার সম্প্রসারণের উদ্যোগ
দেশীয় ফল ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের জিআই পণ্যের বিশ্ববাজার সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে দেশীয় ফলের ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণে ছয়টি আন্তর্জাতিক মেলায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
মেলাগুলোর মধ্যে রয়েছে চীনের মেকং-লানচাং ফ্রুটস ফেস্টিভ্যাল, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস, ডি-৮ হালাল এক্সপো ইন্দোনেশিয়া, এগ্রো ফুড জেদ্দা, ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইভেন্ট এবং ইন্টারন্যাশনাল হালাল এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড হালাল সামিট।