শিরোনাম
◈ তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে ক্রিকেটার কেনাবেচার আসর? ◈ মোহাম্মদ রিজওয়ান এবার অ‌ধিনায়ক হ‌য়েই ফির‌ছেন পা‌কিস্তান দ‌লে ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে সিরিজ শুরুর আগে স্কোয়াডে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ

মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা হয় কবর কিংবা চিতা। সমাজ ও সভ্যতার রীতি অনুযায়ী মৃত মানুষকে সবসময়ই সসম্মানে শেষ বিদায় জানানো হয়। কিন্তু প্রশ্ন হলো- মৃত্যুর পরও কি মানুষ সত্যিই নিরাপদ?

বিশেষ করে সেই মরদেহ যদি হয় কোনো নারীর, তবে মর্গের দরজা বন্ধ হওয়ার পর সেখানে আসলে কী ঘটে? রোববার (১৮ অক্টোবর) ইউটিউব চ্যানেল ‘আলাপ এক্সপ্লেইন্স’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য; যা অত্যন্ত অস্বস্তিকর, অমানবিক এবং বিকৃত মানসিকতার এক ভয়াবহ দৃষ্টান্ত।

মর্গের হিমঘরে নরপিশাচের থাবা

রাজধানীর ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন থানা ও আশুলিয়া এলাকার মৃতদেহগুলোর ময়নাতদন্ত এখানেই হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হলে পরিচয়হীন বা বেওয়ারিশ মরদেহগুলো রাখা হয় মর্গের হিমঘরে। আর এই হিমঘরকেই নিজেদের লালসা চরিতার্থ করার জন্য বেছে নিয়েছে কিছু বিকৃত মানসিকতার মানুষ।

Advertisement

অনুসন্ধানে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে ঢাকা উত্তর সিটির একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও, ফরেনসিক প্রতিবেদন ও সিআইডির ডিএনএ প্রোফাইলিংয়ে তার শরীরে পুরুষের শুক্রাণুর উপস্থিতি মেলে!

একই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল ২০২৫ সালের নভেম্বর মাসেও। সেবারও অন্য এক নারীর মরদেহ ময়নাতদন্তের পর সিআইডির পরীক্ষায় একাধিক পুরুষের শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। তদন্তে বেরিয়ে আসে, মর্গের তৎকালীন ডোম বা কর্মচারীরাই এই জঘন্য অপরাধের সঙ্গে সরাসরি জড়িত।

২০১৯ সালের পুনরাবৃত্তি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য

মর্গে এমন বিকৃত যৌনাচার বা নেক্রোফিলিয়া বাংলাদেশে এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মুন্না ভগত নামে এক সহকারী বা ডোমের বিরুদ্ধে একাধিক মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের প্রমাণ পেয়েছিল সিআইডি।

মুন্না ছিলেন তৎকালীন মর্গ ইনচার্জ যতনলালের ভাগ্নে এবং তার হাত ধরেই তার নিয়োগ হয়েছিল। সেই সময় যতনলাল গ্রেফতার হলেও পরবর্তীকালে জামিনে বেরিয়ে আসেন।

সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে মর্গ প্রধানের সহকারী নূরে আলম শান্ত ও তৎকালীন মর্গ ইনচার্জ যতনলালসহ একটি শক্তিশালী সিন্ডিকেটের নাম। হাসপাতালের সিসিটিভি ফুটেজ আগেই নষ্ট করে ফেলা হলেও, সিআইডির বৈজ্ঞানিক পরীক্ষা এবং ডিএনএ ম্যাচিংয়ে অপরাধীদের মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে। এমনকি হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদ করলে এই সিন্ডিকেটের পক্ষ থেকে তাদের নানাভাবে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে।

সিআইডির তদন্তে জানা গেছে, শুধু ঢাকা নয়- এর আগে ২০২১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও মর্গের কর্মচারীদের দ্বারা একই ধরনের অপরাধের প্রমাণ মিলেছে।

কেন ঘটে এমন মানসিক বিকৃতি?

চিকিৎসাবিজ্ঞানে নেক্রোফিলিয়াকে একটি গুরুতর প্যারাফিলিক ডিসঅর্ডার বা অস্বাভাবিক যৌন আচরণ হিসেবে চিহ্নিত করা হয়।

মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘তাদের মধ্যে এক ধরনের চরম একাকীত্ব, বর্জনের ভয় এবং হীনম্মন্যতা কাজ করে। তারা মনে করে, জীবিত কোনো মানুষের সাথে সম্পর্ক করতে গেলে তারা প্রত্যাখ্যাত হবে। অন্যদিকে মৃত মানুষ কোনো প্রতিবাদ করবে না এবং সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে থাকবে- এই ফ্যান্টাসি থেকেই তারা এই অপরাধে লিপ্ত হয়।’

আইনের ফাঁকফোকর ও আমাদের করণীয়

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশের প্রচলিত আইনে নেক্রোফিলিয়া বা মৃতকামিতা সংক্রান্ত সরাসরি কোনো সুনির্দিষ্ট ধারা বা শাস্তির বিধান নেই। ফলে অপরাধীরা ধরা পড়লেও অনেক সময় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

আইনজীবীদের মতে, দণ্ডবিধিতে মৃতকামিতার সুনির্দিষ্ট সংজ্ঞা এবং কঠোর শাস্তির বিধান যুক্ত করলেই এই অপরাধ রোধ করা সম্ভব। পাশাপাশি, বিশ্বের অন্যান্য দেশের আধুনিক হাসপাতালের মতো আমাদের দেশের মর্টুয়ারি বা ডোমঘরগুলোতেও সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও কঠোর নজরদারির ব্যবস্থা করা জরুরি।

মৃত্যুর পর একজন মানুষের আত্মপক্ষ সমর্থনের কোনো উপায় থাকে না। তাই মৃতদেহের পবিত্রতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, সমাজ এবং সর্বোপরি আমাদের সকলের। মর্গের এই অন্ধকার জগৎ থেকে কুচক্রীদের চিরতরে নির্মূল করতে না পারলে মানবতা বারবার এভাবেই হোঁচট খাবে।

সূত্র: আলাপ এক্সপ্লেইন্স

  • সর্বশেষ