প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বদলি ও পদায়ন করেছে সরকার। তাঁদের মধ্যে বাণিজ্য, নৌপরিবহন, মুক্তিযুদ্ধবিষয়ক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশন ও পরিকল্পনা কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীর। তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব এবং একজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য সাতজনকে সচিব বা সমমর্যাদার পদে বদলি করা হয়েছে। এর ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আসছে।