স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের জন্য দলের নতুন অধিনায়ক হয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।
রোববার বিসিবি এই ঘোষণা দিয়েছে। সম্প্রতি অধিনায়কত্ব ছাড়েন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় দায়িত্ব পেলেন ২৬ বছর বয়সী নাহিদা।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি নাহিদা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৩২টি। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর বোলারদের মধ্যে এই সংস্করণে উইকেটসংখ্যায় নাহিদার অবস্থান পঞ্চম।
এদিকে ২৪ বছর বয়সী সোবহানার সামনে এবার নতুন দায়িত্ব। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ৭২টি ম্যাচ খেলেছেন তিনি।
এই সংস্করণে তার রানও এক হাজার ছাড়িয়েছে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সোবহানা। তার আগে এই কীর্তি গড়েছেন নিগার সুলতানা ও ফারজানা হক।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের সামনে প্রথম চ্যালেঞ্জ আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা বাংলাদেশের।