আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে পুলিশের এক অদ্ভুত কাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাস্যরস। সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিল পুলিশ। কিন্তু বিচারপতির বদলে সেখানে হাজির হন এআইএমআইএম প্রধান ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি। তাঁকেই বিচারপতি ভেবে স্যালুট ও ‘গার্ড অব অনার’ দেন দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
শনিবার (২১ নভেম্বর) সকালে সাহারানপুরের সার্কিট হাউসে এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টের এক বিচারপতির আগমন উপলক্ষে সেখানে আগে থেকেই সারিবদ্ধভাবে অবস্থান করছিলেন পুলিশ সদস্যরা। বিচারপতির অপেক্ষায় থাকা অবস্থায় নিরাপত্তারক্ষীদের নিয়ে সার্কিট হাউসে প্রবেশ করেন ওয়েইসি।
তাঁকে দেখেই বিভ্রান্ত হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ সদস্যরা। বিচারপতি মনে করে তাঁকে স্যালুট জানানোর পাশাপাশি আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ও দেন তাঁরা। পুলিশের সেই অভ্যর্থনা গ্রহণ করতে ওয়েইসিকেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা ও হাস্যরস। প্রশ্ন উঠেছে, একজন বিচারপতিকে অভ্যর্থনা জানানোর দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কীভাবে অন্য একজনকে তাঁর জায়গায় ভেবে এমন আনুষ্ঠানিকতা পালন করলেন।
ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। সাহারানপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) পুলিশ সুপার (গ্রামীণ)-কে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ‘গার্ড অব অনার’ হলো রাষ্ট্রীয় বা আনুষ্ঠানিক মর্যাদাপূর্ণ ব্যক্তিদের সম্মানে পুলিশ কিংবা সামরিক বাহিনীর সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট জানানোর বিশেষ আয়োজন। তবে সাহারানপুরে সেই সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ব্যক্তিকে শনাক্ত করতেই পুলিশের ভুল এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।