ভারতের আসাম রাজ্যের একটি ধানক্ষেতে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় বাংলাদেশের বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত একটি ব্যানার পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বেলুন ও ব্যানারটি কীভাবে সেখানে পৌঁছেছে, তা জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
শুক্রবার আসামের লখিমপুর জেলার নারায়ণপুর থানার অধীন লেতেকুজান গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এক কিশোর সকালে গরু চরাতে গিয়ে পাশের একটি মাঠে বেলুনগুলো দেখতে পায়। পরে সেগুলো একটি বাঁধের কাছে নেমে এলে কিশোরটি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়।
ফ্লেক্সে ছাপানো ব্যানারটিতে জাতীয়তাবাদী যুবদলের মৌলভীবাজার জেলা শাখার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বার্তা লেখা ছিল। ব্যানারটিতে বিএনপির নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিও রয়েছে।
এদিকে, ব্যানারসহ বেলুন পাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশের কয়েকটি ভিডিওতেও যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে একই ধরনের দলীয় ব্যানারসংবলিত বেলুন ওড়ানোর দৃশ্য দেখা গেছে।
গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ঢালপুর পুলিশ ফাঁড়ির একটি দল লেতেকুজান গ্রামে পৌঁছায়। পরে তারা বেলুন ও ব্যানারটি নিজেদের হেফাজতে নেয়। বেলুনগুলো কোথা থেকে উড়ে এসেছে এবং কীভাবে ভারতের ওই গ্রামে গিয়ে পৌঁছেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র : নর্থইস্ট নাউ।