মনিরুল ইসলাম : পাকিস্তান ও ভারতের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু বেশি—বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ শুমারিতে উঠে এসেছে এমন তথ্য। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর, যেখানে ভারতের গড় আয়ু ৭১ বছর এবং পাকিস্তানের ৬৮ দশমিক ২ বছর।
তবে উন্নত দেশগুলোর তুলনায় এখনও পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো। একই সময়ে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর বলে জানিয়েছে সংস্থাটি।
ডব্লিউএইচওর ‘গ্লোবাল হেলথ এস্টিমেটস’-এর সর্বশেষ প্রতিবেদনে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জীবন প্রত্যাশা, সুস্থ জীবন প্রত্যাশা, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে গড় আয়ু মহামারির আগের অবস্থার কাছাকাছি ফিরলেও সুস্থ জীবন প্রত্যাশার পুনরুদ্ধার তুলনামূলক ধীরগতিতে হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু বেশি দিন বেঁচে থাকা নয়, সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। দীর্ঘায়ুর সঙ্গে সঙ্গে অসংক্রামক রোগ, বার্ধক্যজনিত জটিলতা এবং জীবনযাত্রাজনিত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার, পুষ্টি উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সুস্থ জীবন প্রত্যাশাও বাড়ানো সম্ভব।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিবেদনটি আন্তর্জাতিক স্বাস্থ্য পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া