শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪২ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তির ৮ দিনেই ২১১ কোটি রুপি আয়, সুরিয়ার ‘সিন’ সিনেমায় বক্স অফিসে ঝড় (ভিডিও)

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার নতুন ক্রাইম কমেডি সিনেমা ‘সিন’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে সিনেমাটির আয় ছাড়িয়েছে ২১১ কোটি রুপি। চলতি বছর মুক্তি পাওয়া সুরিয়ার তৃতীয় সিনেমা হিসেবেও এটি বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে।

গত ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিথু মাধবন পরিচালিত সিনেমাটি। তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাওয়া ছবিটিতে সুরিয়াকে ডিএসপি ইমবরাজ চরিত্রে দেখা গেছে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে সক্রিয় পুলিশি দায়িত্ব থেকে সরে যেতে হলেও একের পর এক হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে আগ্রহ হারান না তিনি।

বক্স অফিসের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতে সিনেমাটি প্রায় ৬ কোটি রুপি নেট আয় করেছে। এর মধ্য দিয়ে দেশটির বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১৭ কোটি ৭০ লাখ রুপি। আর গ্রস আয় হয়েছে ১৩৬ কোটি ৭০ লাখ রুপি।

ভারতে সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে তামিল সংস্করণ থেকে। এ সংস্করণে আয় হয়েছে ৯৫ কোটি ৬০ লাখ রুপি। অন্যদিকে, তেলুগু সংস্করণ থেকে এসেছে ২২ কোটি ১০ লাখ রুপি। ভারতের বাজারে সবচেয়ে বেশি ব্যবসা করেছে তামিলনাড়ুতে।

Advertisement

এর আগে মুক্তির ষষ্ঠ দিনেই ভারতের বক্স অফিসে ১০০ কোটি রুপির নেট আয়ের মাইলফলক স্পর্শ করে ‘সিন’। তবে ওই দিন আগের দিনের তুলনায় সিনেমাটির আয় প্রায় ৪০ শতাংশ কমে যায়। বুধবার ছবিটি ৭ কোটি ৪৫ লাখ রুপি আয় করে, যেখানে মঙ্গলবার আয় ছিল ১২ কোটি ৮৫ লাখ রুপি। ষষ্ঠ দিনে ৫ হাজার ২৮৭টি শোতে প্রদর্শিত সিনেমাটির দর্শক উপস্থিতির হার ছিল ২৯ দশমিক ৯ শতাংশ।

চলতি বছর সুরিয়ার জন্য বক্স অফিসে এটি আরেকটি বড় সাফল্য। এর আগে তাঁর অভিনীত ‘কারুপ্পু’ ও ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’ দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এবার ‘সিন’ দিয়েও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই অভিনেতা।

সিনেমাটির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুরিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সিনেমাটির প্রতি আপনাদের ভালোবাসা ও উষ্ণতায় আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেছে। বিভিন্ন ভাষা ও সীমান্ত পেরিয়ে “সিন”-এর প্রতি আপনাদের ভালোবাসা আমাদের পুরো দলের কাছে অত্যন্ত মূল্যবান। এতটা আস্থা নিয়ে প্রেক্ষাগৃহে আসার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন দিগন্ত অনুসন্ধানের সাহস জোগায়।’

‘সিন’ সিনেমার গল্প ও অভিনয়শিল্পী

ক্রাইম, রহস্য ও হাস্যরসের মিশেলে নির্মিত সিনেমাটিতে সুরিয়ার চরিত্র ডিএসপি ইমবরাজ। দৃষ্টিশক্তির অবনতির কারণে দায়িত্ব থেকে সরে গেলেও নতুন হত্যাকাণ্ডের রহস্য সমাধানে তদন্তে যুক্ত হন তিনি। এ কাজে তাঁর সহযোগী হন মায়া চরিত্রে অভিনয় করা নজরিয়া নাজিম।

তদন্তের একপর্যায়ে ঈশ্বরন নামের এক সিরিয়াল কিলারের সম্পৃক্ততা সামনে আসে। এই চরিত্রে অভিনয় করেছেন নাসলেন। নতুন হত্যাকাণ্ডগুলোর সঙ্গে আগে সমাধান করা ‘পারফিউম কিলার’ মামলার যোগসূত্র খুঁজে পান ইমবরাজ। এরপরই রহস্য আরও জটিল হয়ে ওঠে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন লাল, আনন্দ রাজ, রাজপ্রিয়ান, সুরেশ মাথিয়ালাগান ও গজরাজ। বিশেষ চরিত্রে রয়েছেন জ্যোতিকা।

মালয়ালম সিনেমা ‘রোমাঞ্চম’ ও ‘আবেশম’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া পরিচালক জিথু মাধবনের তামিল চলচ্চিত্রে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে ‘সিন’ দিয়ে। একই সিনেমার মাধ্যমে সংগীত পরিচালক সুশিন শ্যামেরও তামিল চলচ্চিত্রে অভিষেক হয়েছে।

সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন ভিনিথ অগাস্টিয়ান এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন আজমল সাবু। সুরিয়া ও জ্যোতিকা তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান টুডি এন্টারটেইনমেন্ট এবং ঝাগারাম স্টুডিওসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন।

  • সর্বশেষ