শিরোনাম
◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা ◈ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, টাকা ছিনতাইয়ের অভিযোগে চালক-সুপারভাইজার আটক ◈ গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে ◈ বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকেরা ◈ এআই প্রযুক্তি ও চিপের আধিপত্য পেতে মরিয়া চীন, যেভাবে কাজ করে ৬ লাখ সদস্যের গুপ্তচর নেটওয়ার্ক ◈ রোনালদোকে ছাড়া প্রথম ম্যাচেই ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল ◈ বিএনপির হুঁশিয়ারির পর তাহেরীকে বাদ দিয়ে সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত প্রশাসনের ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ

প্রোপাবলিকার প্রতিবেদন থেকে সংক্ষেপিত: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের জন্য বিশ্বজুড়ে পরিচিত বিল গেটস। অথচ তার বিপুল সম্পদের একটি বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ল্যান্ডফিল পরিচালনাকারী প্রতিষ্ঠান রিপাবলিক সার্ভিসেসের বিনিয়োগ থেকে। প্রতিষ্ঠানটির ল্যান্ডফিলগুলো থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে। পরিবেশদূষণ কমানোর প্রতিশ্রুতি দিলেও নিঃসরণ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বৈশ্বিক উষ্ণতা কমানোর ঐতিহাসিক চুক্তি নিয়ে আলোচনার জন্য ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে জড়ো হয়েছিলেন বিশ্বনেতারা। সম্মেলনের উদ্বোধনী দিনে মঞ্চের অন্যতম আকর্ষণ ছিলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তখন তাকে দূরদর্শী ও পরিচ্ছন্ন জ্বালানির গবেষণায় বিনিয়োগ বাড়ানোর অন্যতম চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওই সম্মেলনে বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির গবেষণায় বিনিয়োগ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেয়। গেটসের মতো বিনিয়োগকারীরা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপগুলোকে অর্থায়নের উদ্যোগ নেন। এ কাজে তিনি আরো দুই ডজন বিলিয়নেয়ারকে যুক্ত করেছিলেন। ভূতাপীয় কূপ, নতুন ধরনের পারমাণবিক চুল্লি এবং বাতাস থেকে কার্বন অপসারণের প্রযুক্তি উদ্ভাবনে অন্তত ২০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন বিল গেটস।

তবে প্রচারের আড়ালে তিনি এর দ্বিগুণেরও বেশি অর্থ বিনিয়োগ করেছেন পুরনো ও পরিবেশদূষণকারী একটি শিল্পে। সেটি হলো বর্জ্য ব্যবস্থাপনা। প্যারিস সম্মেলনের সময়ই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ল্যান্ডফিল পরিচালনাকারী প্রতিষ্ঠান রিপাবলিক সার্ভিসেসের প্রধান শেয়ারহোল্ডার ছিলেন গেটস। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তার মালিকানা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। এর বাজারমূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার।

Advertisement

জীবাশ্ম জ্বালানির দূষণ নিয়ে যতটা আলোচনা হয়, ল্যান্ডফিলের দূষণ নিয়ে ততটা হয় না। অথচ বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের মোট মিথেন নিঃসরণের এক-পঞ্চমাংশ পর্যন্ত আসে ল্যান্ডফিল থেকে। আর রিপাবলিক সার্ভিসেসের কার্যক্রম থেকে বছরে যে পরিমাণ জলবায়ুদূষণ হয়, তা ৩০ লাখ পেট্রলচালিত গাড়ির নিঃসরণের সমান।

গেটসের মতো জলবায়ু পরিবর্তন মোকাবেলার অন্যতম প্রবক্তা যখন কোনো প্রতিষ্ঠানের প্রধান শেয়ারহোল্ডার, তখন স্বাভাবিকভাবেই প্রত্যাশা তৈরি হয় যে প্রতিষ্ঠানটি দূষণ কমাতে নেতৃত্ব দেবে। কিন্তু অনুসন্ধানী সংবাদমাধ্যম প্রোপাবলিকার তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) পরিদর্শকরা রিপাবলিক সার্ভিসেসের ল্যান্ডফিলগুলোয় বারবার নির্ধারিত সীমার চেয়ে বেশি মিথেন নিঃসরণ শনাক্ত করেছেন। প্রতিষ্ঠানটি তার প্রধান প্রতিদ্বন্দ্বীর মতো উচ্চাভিলাষী নিঃসরণ কমানোর লক্ষ্য গ্রহণ করেনি। এমনকি জৈব বর্জ্য ল্যান্ডফিলে ফেলা বন্ধ করার মতো পরিবেশবান্ধব নীতিরও বিরোধিতা করেছে।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের করপোরেট সুশাসন বিশেষজ্ঞ অ্যান লিপটনের মতে, প্রতিষ্ঠানটির আচরণ আরো পরিবেশবান্ধব করতে গেটসের প্রভাব খাটানোর যথেষ্ট সুযোগ রয়েছে, এমনকি এতে মুনাফা কমলেও।

বিনিয়োগে বিপুল মুনাফা

১৯৯৯ সালের নভেম্বরে রিপাবলিক সার্ভিসেসের ৫ শতাংশ শেয়ারের মালিক হন গেটস। এরপর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩০ গুণ। প্রোপাবলিকার হিসাব অনুযায়ী, এ বিনিয়োগ থেকে গেটস ব্যক্তিগতভাবে ২৬০ কোটি ডলার লভ্যাংশ পেয়েছেন।

শুরুর দিকে জলবায়ু পরিবর্তন নিয়ে গেটসের সচেতনতা অবশ্য এতটা ছিল না। ১৯৯৯ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ছিলেন তিনি। ওই বছর তার ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপক মাইকেল লারসনকে প্রায় পুরো সম্পদ দাতব্য কাজে ব্যয়ের পরিকল্পনা বাস্তবায়নে নিরাপদ ও স্থিতিশীল সম্পদে বিনিয়োগের নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে সব সময়ই আবর্জনা তৈরি হবে, ফলে এ ব্যবসায় আয়ের ধারাবাহিকতা থাকবে—এমন বিবেচনা থেকেই রিপাবলিক সার্ভিসেসে বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিতে গেটসের শেয়ার আরো বাড়ান লারসন।

২০০৬ সালে দুই জলবায়ুবিজ্ঞানীর কাছ থেকে গ্রিনহাউজ গ্যাসের বিপর্যয়কর প্রভাব বুঝতে শুরু করেন গেটস। তার উপলব্ধি ছিল, পরিচ্ছন্ন জ্বালানিকে সাশ্রয়ী করতে প্রযুক্তিগত উদ্ভাবন জরুরি। এ চিন্তা থেকেই ২০১৫ সালে প্যারিসে ব্রেকথ্রু এনার্জি উদ্যোগ চালু করেন তিনি।

এদিকে জলবায়ু পরিবর্তনে মিথেনের ভূমিকা ক্রমেই স্পষ্ট হতে থাকে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, স্বল্পমেয়াদে কার্বন ডাই-অক্সাইডের তুলনায় মিথেন প্রায় ৮০ গুণ বেশি তাপ আটকে রাখতে পারে। বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের এক-তৃতীয়াংশের জন্য দায়ী এ গ্যাস। তবে প্রায় এক দশকের মধ্যে এটি ভেঙে কার্বন ডাই-অক্সাইড ও জলীয় বাষ্পে পরিণত হয়। ফলে এখনই মিথেন নিঃসরণ কমানো গেলে বর্তমান প্রজন্মের জীবদ্দশাতেই উষ্ণতা কমানোর সুফল পাওয়া সম্ভব।

গেটস বিভিন্ন সময় কৃষি খাত থেকে মিথেন নিঃসরণ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে গবাদিপশুর বায়ুত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। কিন্তু ল্যান্ডফিলের মিথেন নিয়ে খুব একটা কথা বলেননি। অথচ তার বিনিয়োগ ব্যবস্থাপক লারসন ২০০৯ সাল থেকে রিপাবলিক সার্ভিসেসের পরিচালনা পর্ষদে রয়েছেন।

মিথেন নিয়ন্ত্রণের প্রযুক্তিও যথেষ্ট নয়

ল্যান্ডফিলে মাটির নিচে আবর্জনা পচে মিথেন তৈরি হয়। এ গ্যাস সংগ্রহে বড় ল্যান্ডফিলগুলোয় কূপ খনন করা হয়। পরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হয় অথবা প্রক্রিয়াজাত করে নবায়নযোগ্য প্রাকৃতিক গ্যাস হিসেবে বিক্রি করা হয়।

২০২২ সালে হিউস্টন ক্রনিকলকে রিপাবলিক সার্ভিসেসের টেক্সাসের ম্যাককার্টি রোড ল্যান্ডফিল পরিদর্শনের সুযোগ দেয়া হয়েছিল। সেখানে প্রায় ৫০০টি কূপের মাধ্যমে গ্যাস সংগ্রহ করা হচ্ছিল। এ গ্যাস প্রক্রিয়াজাত করে বিক্রির উপযোগী করা হয়। এতে একদিকে দূষণ কমানোর সুযোগ তৈরি হয়, অন্যদিকে প্রতিষ্ঠানের আয়ও বাড়ে।

কিন্তু প্রযুক্তি ব্যবহার করলেই যে দূষণ নিয়ন্ত্রণ হচ্ছে, তা নয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা জানায়, দেশজুড়ে বিভিন্ন ল্যান্ডফিল পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের নিয়ম লঙ্ঘন করছে। প্রোপাবলিকা সরকারি নথি সংগ্রহ করে জানতে পারে, এ তালিকার এক-পঞ্চমাংশ স্থাপনা রিপাবলিক সার্ভিসেসের।

ম্যাককার্টি ল্যান্ডফিলেও বছরের পর বছর নির্ধারিত সীমার বেশি মিথেন নিঃসরণ শনাক্ত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠে। সেখানে গ্যাস সংগ্রহের কূপে পানি জমে থাকা, ভূমিক্ষয়ের কারণে নালা তৈরি হওয়া এবং ল্যান্ডফিলের ওপরের স্তরে আবর্জনা বেরিয়ে আসার মতো সমস্যাও ছিল।

২০২০ সাল থেকে ইপিএর পরিদর্শকরা প্রতিষ্ঠানটির প্রায় ২০০টি ল্যান্ডফিলের মধ্যে অন্তত ৩৯টি পরীক্ষা করেছেন। এতে মিথেন নিঃসরণের ১ হাজার ৪০০টির বেশি সমস্যাপূর্ণ স্থান শনাক্ত হয়। কোথাও কোথাও গ্যাসের ঘনত্ব ফেডারেল সীমার ১০০ থেকে ৩০০ গুণ পর্যন্ত পাওয়া যায়। এতে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল।

রিপাবলিক সার্ভিসেসের মুখপাত্র রব লিট এসব অভিযোগের নির্দিষ্ট জবাব না দিয়ে বলেন, পরিবেশ ব্যবস্থাপনা ও প্রকৌশলে প্রতিষ্ঠানটির শত শত কর্মী রয়েছেন। কোনো সমস্যা শনাক্ত হলে তা সমাধানের চেষ্টা করা হয়। তার ভাষায়, পরিবেশ সুরক্ষা প্রতিষ্ঠানটির ব্যবসারই অংশ।

নিঃসরণ কমানোর লক্ষ্যেও পিছিয়ে

২০১৯ সালে রিপাবলিক সার্ভিসেস ২০৩০ সালের মধ্যে নিঃসরণ ৩৫ শতাংশ কমানোর প্রতিশ্রুতি দিয়ে সায়েন্স বেইজড টার্গেটস ইনিশিয়েটিভ (এসবিটিআই)-এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু ২০২১ সালে ওই উদ্যোগের মানদণ্ড আরো কঠোর হলে নতুন লক্ষ্য গ্রহণে পিছিয়ে যায় প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, নতুন লক্ষ্য অর্জনে গ্যাস সংগ্রহের কূপ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন হতে পারত। প্রতিষ্ঠানের এক সাবেক কর্মীর ভাষ্য, এ ব্যয় বাড়লে শেয়ারহোল্ডারদের মধ্যে অর্থ বিতরণের সুযোগ কমত। অথচ শুধু গেটসকেই প্রতিষ্ঠানটি ২৬০ কোটি ডলার লভ্যাংশ দিয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে গেটসের বিনিয়োগ ব্যবস্থাপক লারসনসহ তার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এমন কয়েকজন রয়েছেন। আইন বিশেষজ্ঞ অ্যান লিপটনের মতে গেটসের ৩৮ শতাংশ মালিকানার কারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তার যথেষ্ট প্রভাব রয়েছে।

রিপাবলিক সার্ভিসেস অবশ্য বলছে, তারা নিজেদের লক্ষ্য পর্যালোচনা করছে। তবে নতুন লক্ষ্য গ্রহণের বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি।

নীতির বিরোধিতাও করছে প্রতিষ্ঠানটি

গেটস ২০১৯ সালে জ্বালানি তেল ও গ্যাস কোম্পানির শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেছিলেন, শূন্য কার্বন নিঃসরণের বিকল্প প্রযুক্তি তৈরি না হলে জীবাশ্ম জ্বালানির শেয়ারের দাম বাড়ার মাধ্যমে তিনি মুনাফা করতে চান না। অথচ রিপাবলিক সার্ভিসেসের শেয়ার তিনি বিক্রি করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ল্যান্ডফিলের মিথেন নিঃসরণ পর্যবেক্ষণে স্যাটেলাইট ও ড্রোনের মতো নতুন প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতার বিরোধিতা করেছে। ন্যাশনাল ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন এবং সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা যৌথভাবে বলেছে, এসব প্রযুক্তি এখনো যথেষ্ট উন্নত, নির্ভরযোগ্য, স্বচ্ছ কিংবা ব্যয়সাশ্রয়ী নয়।

ক্লিন এয়ার টাস্কফোর্সের ডারিন শ্রোডারের মতে, করপোরেট ল্যান্ডফিল পরিচালকদের মুনাফার বিষয়টি এখানে বড় বাধা। অন্যদিকে ফুল সার্কেল ফিউচারের ক্যাথরিন ব্লাউভেল্ট বলেছেন, স্যাটেলাইট, গবেষণা এবং ইপিএর পরিদর্শন—সব জায়গা থেকেই অনিয়ন্ত্রিত ও কম দেখানো মিথেন নিঃসরণের প্রমাণ পাওয়া যাচ্ছে। অথচ বর্জ্যশিল্প সমস্যার সমাধান না করে তথ্য সংগ্রহের প্রযুক্তিকেই প্রশ্নবিদ্ধ করছে।

গেটসের বিনিয়োগ প্রতিষ্ঠান ব্রেকথ্রু এনার্জির কয়েকজন সাবেক কর্মী প্রোপাবলিকাকে জানিয়েছেন, তারা গেটসের ল্যান্ডফিল ব্যবসায় বিনিয়োগের বিষয়টি জানতেনই না। একজনের মতে, গেটস জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তরিক। এটি তার প্রচারের কোনো কৌশল নয়। আরেকজনের ধারণা, এসব বিনিয়োগে গেটসের ব্যক্তিগত সম্পৃক্ততা খুব বেশি নেই।

তবে রিপাবলিক সার্ভিসেসের পরিচালনা পর্ষদের আলোচনায় গেটসের বিনিয়োগ ব্যবস্থাপক লারসন ও ক্যাসকেড অ্যাসেট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা থমাস হ্যান্ডলি সক্রিয়ভাবে অংশ নেন বলে জানিয়েছেন পর্ষদের এক সদস্য। তাদের আলোচনায় পরিবেশদূষণ, লবিং ও আইনি বিষয়ও উঠে আসে। গেটস নিজে এসব বিষয়ে জানতেন কিনা, তা স্পষ্ট নয়।

নাসার সাবেক প্রকৌশলী ও কার্বন ম্যাপারের প্রতিষ্ঠাতা রাইলি ডুরেনের মতে, শুধু মাটিচাপা দেয়া বর্জ্যের নিঃসরণ নিয়ন্ত্রণ করলেই হবে না। একইসঙ্গে খাদ্যের অপচয় কমাতে হবে এবং জৈব বর্জ্য ল্যান্ডফিলের বাইরে কম্পোস্টিংসহ বিকল্প ব্যবস্থায় নিতে হবে।

জার্মানি ১৯৯৩ সালে পচনশীল বর্জ্য ল্যান্ডফিলে ফেলা বন্ধের উদ্যোগ শুরু করার পর দেশটিতে এ খাতের মিথেন নিঃসরণ ৯০ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রে একই সময়ে তা কমেছে প্রায় ৪০ শতাংশ। ক্যালিফোর্নিয়ায় এখন খাদ্যের উচ্ছিষ্ট ও বাগানের বর্জ্য সংগ্রহ করে কম্পোস্ট তৈরির বাধ্যবাধকতা রয়েছে।

তবে রিপাবলিক সার্ভিসেসের আয়ের সবচেয়ে লাভজনক খাতগুলোর ল্যান্ডফিলে বর্জ্য ফেলা। তাই ২০২৪ সালে ইপিএ যখন কেন্দ্রীয়ভাবে জৈব বর্জ্য ল্যান্ডফিলে ফেলা কমানোর নীতির কথা তোলে, তখন প্রতিষ্ঠানটি এর বিরোধিতা করে।

টেক্সাস সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট বুলার্ডের কথায়, ল্যান্ডফিল যখন বিপুল অর্থ আয় করছে, তখন প্রতিষ্ঠানটির সেটি পরিবর্তনের প্রয়োজন কেন হবে? অনুুবাদ: বণিক বার্তা 

  • সর্বশেষ