মনিরুল ইসলাম: দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের পথচলার ২২ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায় কাউন্টার থেকে একটি সিনেমার টিকিট কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮ অক্টোবর শুধুমাত্র একদিনের জন্য এ অফার কার্যকর থাকবে। স্টার সিনেপ্লেক্সের যেকোনো শাখায়, যেকোনো সিনেমার যেকোনো শোয়ের জন্য কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া দর্শকদের জন্য থাকছে আরও একটি পুরস্কার জেতার সুযোগ। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে নিজের সবচেয়ে সুন্দর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জিতে নেওয়া যাবে একটি ফ্রি মুভি ভাউচার। এ আয়োজনের বিস্তারিত তথ্য স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে দেওয়া হয়েছে।
২২ বছরে স্টার সিনেপ্লেক্স
২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এর মাধ্যমে বাংলাদেশের সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে শুরু হয় নতুন এক অধ্যায়। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত প্রযুক্তি, নান্দনিক পরিবেশ ও মানসম্মত সাউন্ড সিস্টেমের সমন্বয়ে দ্রুতই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।
স্টার সিনেপ্লেক্সের যাত্রার মধ্য দিয়ে দেশে আধুনিক মাল্টিপ্লেক্স সংস্কৃতির বিস্তার ঘটে। পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখার সংস্কৃতিও নতুন করে জনপ্রিয়তা পায়। একই সঙ্গে আন্তর্জাতিক মুক্তির সঙ্গে তাল মিলিয়ে হলিউডসহ বিভিন্ন দেশের সিনেমা দেখার সুযোগ তৈরি হয় বাংলাদেশের দর্শকদের জন্য।
জনপ্রিয় সিনেমার ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্সে টিকিটের জন্য দীর্ঘ লাইন কিংবা মুক্তির আগেই অনলাইনে টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনাও নিয়মিত আলোচনায় এসেছে। সময়ের সঙ্গে এটি শুধু সিনেমা প্রদর্শনের স্থান নয়, বরং নগরজীবনের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
দর্শকদের ভালোবাসাকেই সাফল্যের মূল শক্তি বলছে কর্তৃপক্ষ
২২ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্টার সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘এই পথচলা নিঃসন্দেহে আনন্দের। সময়ের সঙ্গে অনেক নতুনত্ব আসে। সেটি যখন মানুষ ভালোভাবে গ্রহণ করে তখনই তার সার্থকতা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্স আজ যে জায়গায় এসেছে, তার পেছনে মূল শক্তি দর্শকদের ভালোবাসা। দর্শকরা সঙ্গে ছিলেন বলেই এই পথচলা সার্থক হয়েছে। এজন্য দর্শকদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।’
তিনি আরও বলেন, ভালো সিনেমার জন্য দর্শকরা সবসময় উদগ্রীব থাকেন। শুধু বিদেশি ছবির ওপর নির্ভরতা নয়, বাংলাদেশেও নিয়মিত ভালো সিনেমা নির্মিত হোক—এটাই তাদের প্রত্যাশা। দেশের সিনেমা দেখতে যেন সবসময় প্রেক্ষাগৃহগুলো দর্শকে পূর্ণ থাকে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দেশের বিভিন্ন শহরে স্টার সিনেপ্লেক্স
বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা ও সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের বালি আর্কেড ও ফিনলে স্কয়ারেও প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। চলতি বছর বগুড়া ও রাজশাহীতে নতুন শাখা চালুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার বিভিন্ন এলাকাতেও ভবিষ্যতে আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ ২২ বছরের পথচলায় দর্শকদের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে দেশের মাল্টিপ্লেক্স সংস্কৃতিকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই এগিয়ে যেতে চায় স্টার সিনেপ্লেক্স।