ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: গ্রাহকদের হিসাব থেকে ৯২ লাখ৭১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ব্যাংকের গাজীর বাজার এজেন্ট শাখার ম্যানেজার মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। টাকা ফেরত এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি পালন করেন গাজীর বাজার এজেন্ট শাখার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
গ্রাহকদের অভিযোগ, চলতি বছরের ১৫ জুনের আগে স্বল্পশিক্ষিত ও নিরক্ষর কয়েকজন গ্রাহকের হিসাব থেকে ফান্ড ট্রান্সফার, ভুয়া চেক, স্বাক্ষর, ফিঙ্গারপ্রিন্ট ও স্ট্যাম্প ব্যবহারের মাধ্যমে মোট ৯২ লাখ ৭১ হাজার ৫০০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গ্রাহকরা জানান, অভিযোগের সমাধানে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। এসব বৈঠকে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি তাদের। পরে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগেও দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকে অভিযোগে উল্লেখ করা টাকা পরিশোধের জন্য সময় নিয়ে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে টাকা ফেরতের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন মাসুম বিল্লাহ—এমন দাবি গ্রাহকদের।
তাদের ভাষ্য, নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হয়ে একজন প্রতিনিধিকে পাঠান এবং আরও এক সপ্তাহ সময় চান। পরে ৮ সেপ্টেম্বর নির্ধারিত সময়েও টাকা পরিশোধ করা হয়নি।
গ্রাহকদের অভিযোগ, বিষয়টি সমাধানে ব্যাংক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের কাছে একাধিকবার যোগাযোগ করেও তারা প্রতিকার পাননি।
মানববন্ধনে গ্রাহকরা তাদের পাওনা টাকা দ্রুত ফেরত দেওয়ার পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে মো. মাসুম বিল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।